ভারতের আচরণ হতাশাজনক: মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ফেব্রুয়ারিতে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স সত্যিই মুগ্ধ করেছিল ক্রিকেট বিশ্বকে। ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপাটা অধরা থেকে গেলেও মুশফিক বাহিনীর ধারাবাহিক পারফরমেন্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন ক্রিকেট-প্রেমীরা। তবে এখনো ‘আন্ডারডগ’ তকমাটা ঝেড়ে ফেলতে পারেনি বাংলাদেশ। আর নিজেদের উন্নয়নের জন্য যে আরও বেশি টেস্ট ক্রিকেট খেলা দরকার, সেটা নির্দ্বিধায় স্বীকার করেছেন মুশফিকুর রহিম। আর এ ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে যেভাবে উপেক্ষা করছে, তা একেবারেই মেনে নিতে পারছেন না বাংলাদেশি অধিনায়ক। ইএসপিএন-স্টার ডট কমকে দেওয়া এক সাক্ষাত্কারে ভারতের এই আচরণ খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন মুশফিক।টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির এক যুগ পূর্ণ হলেও এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ জানায়নি ভারত। বিশ্বকাপ শিরোপাজয়ীদের এমন আচরণে মুশফিকুর রহিম রীতিমতো হতাশ। তিনি বলেছেন, ‘আমি ভারতের ওপর খুবই হতাশ। আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি প্রায় ১২ বছর হয়ে গেল। কিন্তু এখন পর্যন্ত ভারত আমাদের কোনো টেস্ট সিরিজ খেলার আমন্ত্রণ জানায়নি। আমরা যদি বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ না পাই, তাহলে নিজেদের উন্নয়নটা কীভাবে করব? প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট ক্রিকেট খেলতে পারাটা আমাদের জন্য খুবই ভালো হবে।’এশিয়া কাপে অবিস্মরণীয় সাফল্য অর্জনের পর প্রায় হাত-পা গুটিয়েই বসে থাকতে হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। আগামী সেপ্টেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের সামনে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকাও বাংলাদেশে এসে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এটাকেও খুব নৈরাশ্যকর বলে আখ্যায়িত করেছেন মুশফিক। তিনি বলেছেন, ‘আমরা সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে চেয়েছিলাম। এশিয়া কাপে এত ভালো পারফরমেন্স দেখানো সত্ত্বেও এরপর হঠাত্ করে এখন আমাদের সামনে কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। অবশ্য দক্ষিণ আফ্রিকা এখানে আসবে কি না, সেটা পুরোটাই তাদের সিদ্ধান্ত।’