ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলো চায় সহজ যোগাযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলো বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী। তারা চায় দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে তাদের যোগাযোগ সহজ ও সাশ্রয়ী করে দিক বাংলাদেশ। তারা মনে করে, বাংলাদেশও রাজ্যগুলোর বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে শিল্পোত্পাদন বাড়াতে পারে।গতকাল বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ-ভারত বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান এবং দিনব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনায় এসব বিষয় উঠে এসেছে।উত্তর-পূর্ব রাজ্যগুলো থেকে মেলায় আসা রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা বাংলাদেশের সঙ্গে তাঁদের প্রাকৃতিক ও ঐতিহাসিক মেলবন্ধনের বিষয়টি বারবার স্মরণ করেছেন। তাঁরা দ্বিধাহীনভাবে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ চেয়েছেন। জোর দিয়েছেন অবৈধ পথে চলমান বাণিজ্যকে আনুষ্ঠানিক বাণিজ্যে রূপান্তর ঘটানোর ওপর। পর্যটক আকর্ষণে উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে মিলে বাংলাদেশকে পদক্ষেপ নিতেও এ সময় আহ্বান জানানো হয়। বাংলাদেশের পক্ষ থেকে ত্রিপুরা ও মেঘালয়কে বাংলাদেশের জন্য যথেষ্ট সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করে এর সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ বাণিজ্য বৃদ্ধিতেই আগ্রহ দেখিয়েছে বেশি।দিন শেষে আইবিসিসিআই ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) যে যৌথ ঘোষণা গ্রহণ করেছে, তাতেও বাংলাদেশের সঙ্গে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের স্থল ও নৌ-যোগাযোগ বাড়ানো এবং সীমান্তবর্তী বাণিজ্যিক অবকাঠামো আরও উন্নত করার কথা বলা হয়েছে। ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় ঢাকার শেরাটন হোটেলে তিন দিনব্যাপী এ মেলা ও আলোচনার আয়োজন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠান: সকালে মেলার উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ভারতের সঙ্গে ভৌগোলিকভাবেই সম্পর্কযুক্ত বাংলাদেশ। এ সম্পর্ক আরও গাঢ় করতে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো দরকার। সে জন্য দরকার আত্মবিশ্বাস এবং একে অন্যের প্রতি আস্থাশীল থাকা। সম্পর্ক গাঢ় করার জন্য আঞ্চলিক বাণিজ্যই যথেষ্ট নয় বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বাণিজ্যের পাশাপাশি দরকার হলো বিনিয়োগ। কিন্তু সেটিই হচ্ছে না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বাড়লে নেপাল ও ভুটানের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন হবে। এতে উপকৃত হবে চার দেশই। সাম্প্রতিক বিশ্বমন্দা বাংলাদেশ ভালোভাবেই মোকাবিলা করেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক সম্পর্ক জোরদার থাকলে বিশ্বমন্দা কেন, যেকোনো বিপদই উতরানো যায়। উত্তর-পূর্ব ভারতে বিপুল পরিমাণ বাংলাদেশি পণ্য যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শুল্ক এবং অশুল্ক বাধা দূর হওয়া শুধু সময়ের ব্যাপার। আগামী ছয় মাসের মধ্যে এসব বাধা অপসারিত হয়ে বাণিজ্য বৃদ্ধিতে তা ভূমিকা রাখবে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস ও রাবার খাতের ওপর নির্ভর করে বাংলাদেশি উদ্যোক্তারা প্লাস্টিক, তৈরি পোশাক, সিএনজি এবং পর্যটন খাতে বিনিয়োগ করে লাভবান হতে পারে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্র বলেন, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চলের (সাফটা) আওতায় বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেনি। এ সুযোগ কাজে লাগানো দরকার। তিনি আরও বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলার মাধ্যমে উভয় দেশের ব্যবসায়ীরা নতুন নতুন পণ্যের সঙ্গে পরিচিত হবেন, যা পরে বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আনিসুল হক বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বিশাল বাণিজ্য ব্যবধান। আঞ্চলিক সহযোগিতা বাড়িয়ে এ ব্যবধান কমানো সম্ভব। বিশেষ করে ত্রিপুরা ও মেঘালয় বাংলাদেশের জন্য অনেক সম্ভাবনাময় এলাকা, যদি তা ব্যবহার করা যায়। ভারতে গিয়েও মেলা করার সময় এসেছে বলে উল্লেখ করেন তিনি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী ডি ডি লাপাং বলেন, ‘বাংলাদেশ একসময় প্রাচীন, চিরায়ত ও ঔপনিবেশিক ভারতের অংশ ছিল। ১৯৪৭ সালে এটি আলাদা হয়েছে। কিন্তু আমরা সবাই জানি, মানুষের তৈরি দেয়াল কখনোই হূদয়ের বন্ধনকে আটকিয়ে রাখতে পারে না।’ মেঘালয়ের খনিজ সম্পদভিত্তিক শিল্প, পর্যটন এবং তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে তুলে ধরেন তিনি।আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন মেলার দুই পৃষ্ঠপোষক এইচএসবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশ এবং লাফার্জ সুরমা সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল এন্ড্রু কোয়েল।আলোচনা: উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) নর্থ ইস্ট ইনিশিয়েটিভের চেয়ারম্যান এম কে শাহারিয়া বলেন, ‘ভারতের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্ব রাজ্যগুলোর যোগাযোগ সহজ করতে বাংলাদেশের সহায়তা প্রয়োজন। এ জন্য বাংলাদেশের অভ্যন্তরে যোগাযোগ অবকাঠামো উন্নততর করতে হবে, যা হবে দুই দেশের জন্যই লাভজনক।’মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, ‘মেঘালয়ের রয়েছে প্রচুর খনিজ সম্পদ, কিন্তু শিল্প উত্পাদনে তেমন ভিত্তি নেই। বাংলাদেশের উদ্যোক্তারা এই সম্পদ ব্যবহার করে শিল্প বিনিয়োগে এগিয়ে আসতে পারেন।’ তিনি আরও বলেন, মেঘালয়ের জলবিদ্যুত্ হতে পারে বাংলাদেশের জন্য বিদ্যুতের সবচেয়ে সস্তা জোগান।আসামের শিল্প ও বিদ্যুত্মন্ত্রী প্রদ্যুত্ বোরদোলোই বলেন, উত্তর-পূর্ব অঞ্চলের কিছু বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশে আশ্রয় পেয়েছিল, যা দুই দেশের সম্পর্ক উন্নয়নে অন্তরায় হয়ে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশ এখন আর সেরকম কোনো আশ্রয় দিচ্ছে না। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ থেকে অনেক কিছু শিখছি। গ্রামীণ ব্যাংক, মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাক দারিদ্র্য নিরসনে যেভাবে কাজ করছে, তা ভারতে অনুসরণ করা যায়।’ ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী জানান, তাঁদের অঞ্চল থেকে বাংলাদেশে পণ্য রপ্তানিতে নানা ধরনের সুবিধা ও ভর্তুকি চালু আছে। তিনি জানান, ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা যেতে মাত্র সাড়ে ৩০০ কিলোমিটারের পথ পাড়ি দিতে হয়। মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী বি এম লানং বলেন, বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অবৈধপথে যথেষ্ট বাণিজ্য হচ্ছে। এতে মুষ্টিমেয় লোক লাভবান হয়। এই বাণিজ্যকে আনুষ্ঠানিক পর্যায়ে রূপান্তর করতে হবে, সীমান্ত হাট চালু করতে হবে।বি এম লানং আরও বলেন, লাফার্জ সুরমা মেঘালয়ের খনি থেকে পাথর উত্তোলনের জন্য যে বিরাট বিনিয়োগ করেছে, রাজ্য সরকার তাতে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি করেনি। তবে বিষয়টি এখন ভারতের উচ্চ আদালতের আওতাভুক্ত এবং সাময়িকভাবে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।ত্রিপুরা চেম্বারের সভাপতি এম এল দেবনাথ বলেন, আইনের মধ্যেই নিয়মকানুন সহজ করে সীমান্ত হাট আবার চালু করতে হবে। আসামের সীমান্তবিষয়ক মন্ত্রী গৌতম রায় বলেন, বিনিয়োগ করতে আগ্রহী বাংলাদেশি উদ্যোক্তাদের সব রকম সহযোগিতা দিতে তাঁরা প্রস্তুত রয়েছেন। মিজোরামের বাণিজ্যসচিব এসথের লাল রুমতকিমি তাঁদের রাজ্যে কৃষি, উদ্যান ও হস্তজাত শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। যৌথ ঘোষণা: যৌথ ঘোষণায় আসামের গোলাকগঞ্জ, মানকাচুর ও সুতারকান্দিতে যে সীমান্ত-বাণিজ্য কেন্দ্রগুলো গড়ে তোলা হয়েছে, সেসব কেন্দ্রসংলগ্ন বাংলাদেশের সীমান্তে বাণিজ্য অবকাঠামো উন্নত করার আহ্বান জানানো হয়েছে। ঘোষণায় ত্রিপুরা থেকে চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকার পাওয়া এবং কলকাতা ও আগরতলার মধ্যে ঢাকা হয়ে বাস এবং বিমান যোগাযোগ স্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যৌথ ঘোষণায় বাণিজ্য সম্প্রসারণে মিজোরাম ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ সহজ করতে সেতু নির্মাণ এবং থেকেমুখ-কাওরপুরিচুয়া সমন্বিত চেকপোস্ট কার্যকর করারও আহ্বান জানানো হয়েছে এতে।ভারতের জাতীয় নৌপথ-২, যা আসাম থেকে বাংলাদেশে প্রবেশ করেছে, তা ভালোভাবে খনন করে নৌ-চলাচল উপযোগী নাব্য করা এবং ত্রিপুরা থেকে ভারতের জাতীয় মহাসড়ক-৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ মেলায় উভয় দেশের ৫০টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। কাল শনিবার মেলার শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। প্রবেশ মূল্য ২০ টাকা। মেলার ব্যবস্থাপনায় রয়েছে ট্রিউন এক্সিবিউশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস।