ভারতের উদাহরণ কাজে লাগাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি, হাইকোর্ট বিভাগযৌন নির্যাতন বা হয়রানি এখন বিশ্বব্যাপী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। উন্নত দেশেও এই অপরাধের মাত্রা বাড়ছে। বিভিন্ন দেশে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন করা হয়েছে। ব্রিটেন, কানাডা ও যুক্তরাষ্ট্রে শক্তিশালী আইন রয়েছে। ভারতে যৌন হয়রানির শিকার কিংবা যৌন নির্যাতিতার মামলায় জেরার ক্ষেত্রে নিয়মের পরিবর্তন করা হয়েছে। সেখানে আমাদের দেশে প্রচলিত নিয়মের মতো সবার সম্মুখে প্রশ্ন করা হচ্ছে না। লিখিত আকারে প্রশ্ন করা হচ্ছে এবং লিখিত জবাব চাওয়া হচ্ছে। লিখিত জবাব কমিটির কাছে দেওয়া হচ্ছে। ফলে নির্যাতিতাকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে না। এ ব্যবস্থা একটি শক্তিশালী আত্মমর্যাদা রক্ষার উপায় হিসেবে কাজে আসছে। আমাদের দেশের বিচার-ব্যবস্থায় এত কঠিন ও বিব্রতকর প্রশ্ন করা হয় যে একজন নির্যাতিত নারীকে অস্বাভাবিক পরিস্থিতিতে পড়তে হচ্ছে। ভারতে বিশাখা মামলাটি জুডিশিয়াল অ্যাক্টিভিজমের (বিচারিক সক্রিয়তা) নতুন দিগন্ত উন্মোচন করেছে। ভারতের ঐতিহাসিক মামলা বিশাখা এবং অন্যরা বনাম রাজস্থান সরকার (এআইআর ১৯৯৭ এসসি ৩০১১) মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে যৌন নির্যাতন এবং এর প্রতিকারমূলক নিয়মনীতির বর্ণনা দিয়ে কর্মক্ষেত্রে নারীদের রক্ষা করার একটি নীতিমালা প্রদান করা হয়। উক্ত রায়ের সমাপনী অংশে বলা হয়,‘অনুরূপভাবে, আমরা নির্দেশনা দিই যে, উপরোক্ত নীতিমালাগুলো এবং আচরণবিধি কর্মক্ষেত্রে নারীদের অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্য কঠোরভাবে পালন করতে হবে। এই নির্দেশগুলো আইনত বাধ্যতামূলক ও প্রায়োগিক, যতক্ষণ পর্যন্ত না সন্তোষজনক আইন এ ক্ষেত্রে ব্যবহারের জন্য পাস হচ্ছে। এই রিট পিটিশনগুলো সেই অনুযায়ী ব্যবহার করা হবে।’উপরোক্ত রায়ের পরিপ্রেক্ষিতেই ১৯৯০ সালে ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান মহিলাদের জাতীয় নারী কমিশন ১৯৯৮ সালে সুপ্রিম কোর্টের নীতিমালার আলোকে কর্মক্ষেত্রে আচরণবিধি গঠন করে। কমিশন বিধিটি কেন্দ্রীয় মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন বিভাগে ব্যাপকভাবে বিতরণ করে। এ ছাড়া উক্ত কমিশন কর্তৃক রায়ের কপি নারী-বিষয়ক রাষ্ট্রীয় কমিশনার, এনজিও, সংবাদমাধ্যম এবং করপোরেট বিভাগের সর্বোচ্চ ব্যক্তিদের কাছে পাঠানো হয়। এই আচরণবিধি প্রতিটি প্রতিষ্ঠান ও অফিসে ঝুলিয়ে রাখা এবং প্রয়োগ করার বাধ্যবাধকতা আনা হয়। ভারতে এ আচরণবিধির যথাযথ প্রয়োগ হচ্ছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের প্রতিষ্ঠানের জন্য পৃথক আইন প্রণয়ন করেছে। এতে কার্যকর ফল এসেছে।আমরা সরকারি প্রতিষ্ঠান যাদের মামলায় বিবাদী করা হয়, তাদের আদালত অবমাননার রুল জারির আগে রায়ের নির্দেশনা অনুযায়ী ‘অভিযোগ গ্রহণকারী কমিটি’ গঠন করেছে কি না, তা আদালতে উপস্থাপনের জন্য বলেছি। তাদের কাছ থেকে কিছু তথ্য এসেছে।আইন কমিশন এবং মহিলা আইনজীবী সমিতি ‘কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ বিল, ২০১০’ নামে যে খসড়া করেছে, এটি ইতিবাচক। আইন কমিশন একটি কঠিন কাজ করছে। খসড়াটি আমাদের দেওয়া রায়ের আলোকে করা হয়েছে। তবে রায়ে নির্দেশনার চেয়ে আরও অনেক বিস্তৃত করা হয়েছে। আপিলের বিধান করা হয়েছে, আমাদের নির্দেশনায় তা ছিল না। আবার অপরাধের ক্ষেত্রে লঘু অপরাধ ও গুরুতর অপরাধ—এ দুটি ভাগে ভাগ করা হয়েছে এবং এই অনুযায়ী শাস্তি নির্ধারণ করা হয়েছে।আমাদের দেওয়া রায়টি শুধু নারীদের যৌন হয়রানি নয়, শিশু এবং পুরুষেরাও যদি যৌন হয়রানির শিকার হয়, তাহলে প্রতিকার চাইতে পারে, যেন এভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পুরো নির্দেশনা নারীদের সুরক্ষার জন্য একটা বিশাল রক্ষাকবচ হিসেবেই কাজ করবে।আমি আশা করব, খুব শিগগির এ খসড়াটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং পরিপূর্ণ রূপ পাবে। সরকারের প্রতি আহ্বান রইল, অচিরেই খসড়াটি বিল আকারে সংসদে পাস করুন।