ভারতের উপরাষ্ট্রপতি পদে হামিদ আনসারি পুনর্নির্বাচিত
ভারতের উপরাষ্ট্রপতিপদে পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী মো. হামিদ আনসারি। আজ মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিংকে ২৫২ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। হামিদ আনসারি ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি। নির্বাচনে হামিদ আনসারি পেয়েছেন ৪৯০ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিং পেয়েছেন ২৩৮ ভোট। ৮টি ভোট বাতিল হয়েছে। রাজধানী দিল্লির পার্লামেন্ট ভবনে সকাল ১০টায় ভোট শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। ভোট দেন ৭৮৮ জন সাংসদ। উপরাষ্ট্রপতি পদে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৫ জন এবং উচ্চকক্ষ রাজ্যসভার ২৪৫ জন সাংসদ ভোট দিয়ে থাকেন। সব মিলিয়ে এই সংখ্যা ৭৯০। কিন্তু আজ ৭৩৬ জন সাংসদ ভোট দেন।এবারের নির্বাচনে লড়াই হয়েছে ইউপিএ প্রার্থী হামিদ আনসারি এবং বিরোধী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার প্রার্থী যশোবন্ত সিংয়ের মধ্যে। হামিদ আনসারিকে ইউপিএর শরিক ছাড়াও ভোট দেন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, তিন বাম দল সিপিআই (এম), সিপিআই ও ফরোয়ার্ড ব্লকসহ আরও কয়েকটি ছোট দলের সাংসদেরা। হামিদ আনসারি দুই মেয়াদের জন্য ভারতের উপরাষ্ট্রপতি পদে বসছেন। তিনিই দ্বিতীয় উপরাষ্ট্রপতি যিনি দুবার এই পদে অধিষ্ঠিত হলেন। এর আগে সর্বপল্লী রাধাকৃষ্ণান দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন। তবে এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকে বিজেডি ও আরএসপি।ফিরে দেখা হামিদ আনসারি (৭৫) একজন পণ্ডিত ব্যক্তি। ১৯৩৭ সালে কলকাতায় জন্ম তাঁর। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসেবেও নিযুক্ত ছিলেন। তিনি একজন সফল কূটনীতিক হিসেবে অস্ট্রেলিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান ও ইরানে দায়িত্ব পালন করেছেন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি পাঁচ বছর দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাই ভারতের ধর্মনিরপেক্ষতার আদর্শ তুলে রাখার জন্য আবার হামিদ আনসারিকেই প্রার্থী করেছে ক্ষমতাসীন ইউপিএ।