ভারতের ঋণসহায়তা চুক্তিতে স্বচ্ছতা থাকলে প্রশ্ন উঠত না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সঙ্গে ১০০ কোটি ডলারের যে ঋণসহায়তা চুক্তি সই হয়েছে, তা নিয়ে স্বচ্ছতা থাকা উচিত ছিল। চুক্তির বিভিন্ন শর্ত এবং এর খুঁটিনাটি বিষয় সরকারের পক্ষ থেকে খোলামেলাভাবে উপস্থাপন করা হলে বিষয়টি নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিত না।আজ সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত দেন। দৈনিক ভোরের কাগজ এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করা হয়নি, এটা ঠিক নয়। ওই ঋণের টাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা সময়ের প্রয়োজনে ও দেশের প্রয়োজনে হচ্ছে। যাঁরা (বিরোধী দল) বলেন প্রকল্পগুলো ভারতের স্বার্থে হচ্ছে, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ক্ষুদ্র ও দলীয় সংকীর্ণ দৃষ্টিকোণ থেকেই কথাগুলো বলেন। জনগণের কল্যাণের জন্য পদক্ষেপ নেওয়া হলে যদি বিরোধিতা আসে, তাকে আর যা-ই হোক, রাজনীতি বলা যাবে না।পররাষ্ট্রমন্ত্রী অতীতে চীন, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া থেকে ভারতের তুলনায় আরও চড়া সুদে ঋণ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘জুরাইনে রেলক্রসিং হলে তাতে ভারতের কী ধরনের সুফল হবে সেটা আমাদের মাথায় আসে না।’ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরসহ কয়েকটি সফর বিনিময়ের প্রসঙ্গ উল্লেখ করে দীপু মনি বলেন, বৈরিতার পরিবেশ ভেঙে সম্পর্কে যখন নতুন দিকের সূচনা হলো, তখন এ নিয়ে প্রশ্ন ওঠে। এ থেকে বোঝা যায়, তাঁরা যুক্তি নিয়ে চলেন না। যখন বিএনপি ক্ষমতায় থাকে, তখন তোষণের নীতি নেয়। আর বিরোধী দলে থাকলে ভারতের বিরোধিতা করে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে ঋণসহায়তা চুক্তির মাধ্যমে যে প্রকল্পগুলো নেওয়া হবে, এর সব কটির সুফল পাবে বাংলাদেশ। ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে পুরো অঞ্চলের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে।গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কোন্নয়নে এক ইতিবাচক মাত্রা তৈরি হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের আগে তিস্তার পানি বণ্টন চুক্তি সই, সমুদ্রসীমা নির্ধারণ, টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধ, ’৭৪ সালের বাংলাদেশ-ভারত সীমান্ত নির্দেশনার আলোকে সীমান্ত-সমস্যার সমাধান, সীমান্তে নিরপরাধ লোকজনকে হত্যা বন্ধের মতো বিষয়গুলোর সুরাহা করতে হবে। যদি তাঁর বাংলাদেশ সফরের আগে বিষয়গুলোর সুরাহা না হয়, তাহলে বুঝতে হবে ভারতের রাজনৈতিক প্রজ্ঞার অভাব রয়েছে।অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, ব্যবসায়ী নেতা দেওয়ান সুলতান আহমেদ, সাবেক কূটনীতিক এম শফিউল্লাহ ও সাংবাদিক জগ্লুল আহেমদ চৌধূরী বক্তব্য দেন। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত।