ভারতের ঋণসহায়তা ব্যবহূত হবে আগামী অর্থবছরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলারের ঋণসহায়তা আগামী অর্থবছরে ব্যবহারের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে আগামী জুনের ভেতর একটি চুক্তি হবে। সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের কর্মকর্তাদের বৈঠকে চুক্তির খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।নয়াদিল্লির বৈঠকে অংশ নেওয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান গত বুধবার প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনার জন্য গত সপ্তাহে ভারতের রাজধানীতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। উপদেষ্টা মশিউর রহমান এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ৪-৭ মে দিল্লি সফরের সময় প্রতিনিধিদল ভারতের বিদ্যুৎমন্ত্রী সুশীল কুমার সিন্ধে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন ছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব ইন্ডিয়ার (এক্সিম ব্যাংক) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, মূলত দিল্লি শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন কেমন হচ্ছে সে বিষয় নিয়ে বৈঠকগুলোতে কথা হয়। তা ছাড়া সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা থাকলে সেগুলো কীভাবে দূর করা যায়, সে বিষয়েও তাঁরা কথা বলেন। তিনি বলেন, শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণা বাস্তবায়নের ব্যাপারে দুই পক্ষই সন্তোষ প্রকাশ করে।মশিউর রহমান জানান, ঋণসহায়তার বিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক টি এ রঙ্গনাথনের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ১০০ কোটি ডলারের ওই ঋণের জন্য ১ দশমিক ৭৫ শতাংশ সুদ ধরা হবে, যে ব্যাপারে দুই পক্ষই একমত। এ ছাড়া কমিটমেন্ট ফি শূন্য দশমিক ২৫ শতাংশ ধরার বাংলাদেশি প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছে ভারত।উপদেষ্টা আরও জানান, ভারত ঋণসহায়তা চুক্তির যে খসড়া দিয়েছে, এ ব্যাপারে খুব শিগগির বাংলাদেশের মতামত উল্লেখ করে দিল্লিতে চিঠি দেওয়া হচ্ছে। খসড়ার কয়েকটি শর্ত সংশোধনের প্রস্তাব দেওয়া হবে ওই চিঠিতে। যার মধ্যে থাকছে ঋণের ‘কমিটমেন্ট ফি’ শূন্য দশমিক ৫০ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ২৫ শতাংশ করা, পরিশোধের মেয়াদ ২০ বছরের পরিবর্তে ২৫ বছর এবং পণ্য ও সেবা ক্রয় ৩০ শতাংশ বাংলাদেশ ও অন্যান্য দেশ থেকে কেনা। নয়াদিল্লির বৈঠকে বাংলাদেশের বাজার থেকে কেনার শতকরা হার বাড়ানো যায় কি না, তা-ও আলোচনা করার আশ্বাস দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।বিদ্যুৎ নিয়ে সহযোগিতার বিষয়েও দিল্লির আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে মশিউর রহমান জানান। আগামী দুই-তিন বছরের মধ্যে সঞ্চালন লাইন স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ আনার ব্যাপারে কথা হয়েছে। খুলনা ও চট্টগ্রামে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন বলে বৈঠকে জানানো হয়। এ ছাড়া সীমানা চিহ্নিতকরণ, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য খুব শিগগির কর্মকর্তারা আলোচনায় বসবেন। এ ব্যাপারে ভারত বৈঠকের প্রস্তাবিত সময়সূচি উল্লেখ করে খুব শিগগিরই চিঠি দেবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে সহায়তার জন্য ১০০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশে রেলের অবকাঠামো উন্নয়ন, বাস কেনা ও নদী খননকাজে ওই টাকা ব্যবহারের কথা রয়েছে।