ভারতের এক মন্দিরে পদদলিত হয়ে নিহত ৬০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের প্রতাপগড় জেলার একটি মন্দিরে পদদলিত হয়ে আজ বৃহস্পতিবার নারী-শিশুসহ ৬০ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে পুলিশ জানায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। ধর্মীয় ভোজ উত্সব ও বিনামূল্যে বস্ত্র-বিতরণ কার্যক্রমে যোগ দিতে ভক্তরা সেখানে সমবেত হয়েছিল। মন্দিরের দরজা ভেঙে পড়ার পর লোকজন ছুটোছুটি করলে পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। তবে মন্দিরের নির্মাণাধীন দরজাটি কেন ভেঙে পড়ে, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।বিবিসি অনলাইন জানায়, দিল্লির ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের জেলা প্রতাপগড়ের ব্যক্তিমালিকানাধীন রাম জানকি মন্দিরে আজ শত শত লোক ভিড় করে। মন্দিরটি হিন্দু ধর্মযাজক জগদগুরু কৃপালু জি মহারাজের। মন্দিরের নির্মাণাধীন একটি দরজা হঠাত্ ভেঙে পড়লে ভক্তরা ছুটোছুটি শুরু করে।সাম্প্রতিক বছরগুলোতে ভারতে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। ২০০৮ সালে রাজস্থান ও হিমাচল প্রদেশের দুটি মন্দিরে পদদলিত হয়ে ৩০০ ব্যক্তি নিহত হয়।