ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ঋণচুক্তি না করতে বিএনপির আহ্বান
বাংলাদেশ সরকার ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে দেশটির এক্সিম ব্যাংকের সঙ্গে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের যে ঋণচুক্তি করবে তার প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একই সঙ্গে এ থেকে বিরত থাকতে দলটি সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে।আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় । বিএনপি মনে করে, ভারতের একটি বেসরকারি ব্যাংকের সঙ্গে এ ধরনের ঋণচুক্তি অসম্মানের বিষয়। বাংলাদেশ সরকার অন্য বিদেশি ব্যাংকের চেয়ে প্রায় সাত গুণ বেশি সুদ দিয়ে এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে। এক্সিম ব্যাংকের সুদের হার এক দশমিক ৭৫ শতাংশ যেখানে অন্যান্য বিদেশি ব্যাংকগুলোর সুদের হার কেবল দশমিক ২৫ শতাংশ।সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সেখানে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।