ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সরকারের ১০০ কোটি ডলারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে প্রতিশ্রুত ভারতের ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তি আজ শনিবার সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আজ সন্ধ্যায় ভারতের এক্সিম ব্যাংকের (এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব ইন্ডিয়া) সঙ্গে চুক্তিটি সই করে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোশাররফ হোসেন এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) টি সি এ রঙ্গনাথন চুক্তিতে স্বাক্ষর করেছেন।রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুক্তিটি সই হয়। সড়ক অবকাঠামো উন্নয়ন, রেলওয়ের সংস্কার, বাস কেনা ও নদী খননকাজে ওই অর্থ ব্যবহারের কথা রয়েছে।চুক্তির সময় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে প্রণব মুখার্জি প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন।অতিথি ভবন যমুনা থেকে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যাবেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। আলোচনা শেষে সরাসরি চলে যাবেন শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রাত আটটায় তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।এর আগে চার ঘণ্টার এক ঝটিকা সফরে বিকেল তিনটা ৪০ মিনিটে প্রণব মুখার্জি ঢাকায় পৌঁছান। শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে কথা বলবেন প্রণব মুখার্জি। তাঁদের আলোচনায় সন্ত্রাসবাদ দমন, যোগাযোগ প্রতিষ্ঠা, বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ, বিদ্যুত্ খাতে সহায়তা এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।