ভারতের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনশ্রুতি আছে ভারতের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০০৮ সালের নির্বাচনে জয়লাভ করেছে। আজ শনিবার রাজধানীতে বিএনপির প্রয়াত নেতা খন্দকার দেলোয়ার হোসেন স্মরণে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে মির্জা ফখরুল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বলেন, জনশ্রুতি আছে ১৯৯৬ সালের নির্বাচনে জিততে আওয়ামী লীগকে জাফরউল্লাহ চৌধুরী ও সালমান এফ রহমান সহযোগিতা করেছিলেন। তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশ সংবাদ সংস্থা একটি সরকারি সংস্থা। এ সংস্থাকে দিয়ে সরকার একধরনের মিথ্যাচার চালাচ্ছে। বিএনপি এ ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।এদিকে ওই একই অনুষ্ঠানে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, যদি সংসদে যাই তাহলে সেই সংসদে সরকারি দলের আন্তরিকতা থাকতে হবে। যদি সরকারি দলের মানসিকতা সংসদের পরিবেশকে নষ্ট করে তাহলে সেই সংসদে থাকতে পারব কি না, সেটাও বিবেচনা করতে হবে। প্রসঙ্গত, গতকাল শুক্রবার বাসসের খবরে বলা হয় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান আসাদ দুররানি স্বীকার করেছেন ১৯৯১ সালের সাধারণ নির্বাচনের সময় সংস্থাটি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে তহবিল জোগান দিয়েছে। পাকিস্তানের সুপ্রিম কোর্টে এ-সংক্রান্ত একটি মামলায় আইএসআইয়ের সাবেক প্রধান এ স্বীকারোক্তি দেন বলে ওই খবরে বলা হয়েছে।