ভারতের কাছে অস্ত্র চেয়ে তালিকা দিয়েছেন কারজাই
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই আজ বুধবার বলেছেন, ভারতের কাছে সামরিক যন্ত্রপাতি চেয়ে তিনি একটি তালিকা দিয়েছেন। রয়টার্স বলছে, এর মধ্য দিয়ে ভারত সফররত কারজাই দেশটির সরকারকে একটি ধাঁধায় ফেলে দিয়েছেন। কারণ, আফগানিস্তানকে সামরিক সহায়তা দেওয়া ভারতের স্বার্থের পরিপন্থী হবে কি না, তা একটি বিবেচ্য বিষয়।কারজাই আজ প্রতিবেদকদের বলেন, ‘আমরা ভারত সরকারের কাছে আমাদের চাহিদার একটি তালিকা দিয়েছি।’ তিনি আরও বলেন, আফগানিস্তান কতটুকু সহায়তা পাবে, তা এখন ভারত সরকারের ওপর নির্ভর করছে।কারজাই সে তালিকায় কী দিয়েছেন, তা তিনি প্রতিবেদকদের কাছে প্রকাশ করেননি। তবে ভারতের ফার্স্টপোস্ট ডটকম ওয়েবসাইটে বলা হয়েছে, ১০৫ মিলিমিটার কামান, মাঝারি পাল্লার বিমান, যান্ত্রিক মই ও ট্রাক ওই তালিকার অন্তর্ভুক্ত।কারজাইয়ের বক্তব্যের পর ভারত কোনো মন্তব্য করেনি। কারজাইয়ের মুখপাত্র বলেন, ওইসব যন্ত্রপাতি কেনার জন্য দুপক্ষই দরদস্তুর করতে রাজি হয়েছে।ভারত একটি স্থিতিশীল আফগানিস্তান চাইছে এবং ২০১৪ সালে দেশটি থেকে ন্যাটো সেনা প্রত্যাহারের পর সেখানে আবারও জঙ্গি গোষ্ঠীগুলোর উত্থান ঘটবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন।তবে ভারত যদি আফগানিস্তানকে অস্ত্র সরবরাহ করে, তা পাকিস্তানকে বেকায়দায় ফেলে দেবে। এর ফলে আফগানিস্তানের ওপর কর্তৃত্ব ধরে রাখতে ভারত ও পাকিস্তানের মনস্তাত্ত্বিক যুদ্ধ যে আরও তীব্র হয়ে উঠবে, তা বলা বাহুল্য। ভারতের ভয় হলো, আফগান সরকারের সঙ্গে বেশি দহরম-মহরম করলে খেপে যেতে পারে তালেবানরা। আবার তালেবানদের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক থাকায় তারা পাকিস্তানের হয়ে ভারতে আক্রমণ করে বসতে পারে।২০১১ সালে আফগানিস্তানের সঙ্গে কৌশলগত মিত্রতার চুক্তি স্বাক্ষর করে ভারত। এ চুক্তি অনুযায়ী ভারত আফগান নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করে থাকে।ভারতের এক সরকারি কর্মকর্তা এর আগে বলেছিলেন, ভারত ইতিমধ্যে আফগানিস্তানকে কিছু অস্ত্র সরবরাহ করেছে। তবে তিনি ভারতের সরবরাহ করা অস্ত্রের বিবরণ দিতে সম্মত হননি। তিনি বলেন, আফগানিস্তান অস্ত্রের বিষয়ে খোলাখুলি কথা বলছে দেখে তিনি বিস্মিত হয়েছেন।ভারত এখনো কোনো বড় অস্ত্র রপ্তানিকারক নয়, বরং প্রতিবছর ভারত বিদেশ থেকে প্রচুর অস্ত্র কেনে।