ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব বিপন্ন করছে সরকার: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আন্তর্জাতিক যোগসাজশের মাধ্যমে ভারতের কাছে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা বিপন্ন করছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনে তিনি অভিযোগ করে বলেন, দেশের স্বার্থ নিয়ে সোচ্চার হওয়ায় বিরোধী দলের ওপর সরকারের অমানবিক নির্যাতন নেমে এসেছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল ইসলামের জীবনাদর্শ নিয়ে কবি আব্দুল হাই শিকদারের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বিএনপি ভারত-বিদ্বেষী নয়। তিনি বলেন, দেশের স্বার্থ ও নিরাপত্তার কথা বললে বিএনপিকে ভারত-বিদ্বেষী বলা হয়। এটা ঠিক নয়। তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারতের প্রতি সরকারের প্রয়োজনের চেয়ে বেশি প্রীতি আছে। এটা ঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশে অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন চলছে। এটা দেশের জনগণকে বুঝতে হবে। তাদেরকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।