ভারতের কাছে পরমাণু অস্ত্র তৈরির সহায়তা চেয়েছিলেন গাদ্দাফি
লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফি পরমাণু অস্ত্র তৈরির জন্য ভারতের কাছে প্রযুক্তি সহায়তা চেয়েছিলেন। ১৯৭৮ সালে তিনি নিজের পরমাণু আকাঙ্ক্ষার কথা নয়াদিল্লিকে জানিয়েছিলেন। ভারতও গাদ্দাফির অনুরোধকে সম্মান জানিয়ে ত্রিপোলিতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠিয়েছিল। তবে শেষ অবধি কোনো এক কারণে গাদ্দাফির সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি।ভারতের সাবেক এক পরমাণু বিজ্ঞানীর বরাত দিয়ে ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া গতকাল এ খবর প্রকাশ করে।১৯৭৪ সালে ভারত প্রথম পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায়। সেই পরীক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই পরমাণু বিজ্ঞানী জানান, ভারত থেকে প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণ প্রযুক্তি ও ‘কানাডা-ইন্ডিয়া রিসার্চ ইউটিলিটি সার্ভিসেস—সার্কাস’-এর আদলে একটি গবেষণা চুল্লি তৈরি করার অভিপ্রায় ১৯৭৮ সালে গাদ্দাফি তাঁর প্রতিনিধি মুস্তাফা আবদুল জলিলকে নয়াদিল্লিতে পাঠিয়েছিলেন। মুম্বাইয়ে ভাভা পরমাণু গবেষণাকেন্দ্রে (বার্ক) সার্কাস গবেষণা চুল্লি অবস্থিত।মুস্তাফা আবদুল জলিল লিবিয়ার বর্তমান ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল—এনটিসির প্রধান। গত ফেব্রুয়ারিতে গাদ্দাফির শাসন অবসানের দাবিতে বিদ্রোহীদের বিক্ষোভের সময় তিনি বিচারমন্ত্রী ছিলেন। বিক্ষোভের কিছু দিন পর তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। গত বৃহস্পতিবার এনটিসি যোদ্ধাদের হাতে লিবিয়ার ৪২ বছরের শাসক গাদ্দাফি নিহত হন।ভারতীয় বিজ্ঞানী বলেন, গাদ্দাফির প্রতিনিধি জলিল পরমাণু প্রযুক্তির বিষয়ে ভারত-লিবিয়া সহযোগিতার প্রস্তাব দেন এবং ভারতের তত্কালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন। প্রতিরক্ষামন্ত্রী তখনকার প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে লিবিয়ার প্রস্তাবটি জানান। প্রধানমন্ত্রী এ প্রস্তাব তাত্ক্ষণিক নাকচ করে দেন। ওই বিজ্ঞানী আরও জানান, পরমাণু প্রযুক্তির বিষয়ে নয়াদিল্লি লিবিয়াকে পুরোপুরি হতাশ করতে চায়নি। এ জন্য ভারত ত্রিপোলিতে ভারত-লিবিয়া পরমাণু চুক্তির সম্ভাব্যতা যাচাই করতে তিনজন প্রতিনিধি পাঠিয়েছিল। লিবিয়ায় তখনকার ভারতীয় দূতও বিষয়টি নিয়ে আগ্রহী ছিলেন এবং তিনি এর বাস্তব রূপ আশা করেছিলেন।ভারতের পরমাণু বিজ্ঞানী বলেন, ‘আমরা লিবিয়াকে পরামর্শ দিয়েছিলাম পরমাণু প্রযুক্তি পাওয়ার আগে তাদের মানবসম্পদ উন্নত করতে। এতে লিবিয়া মর্মাহত হয়। এর প্রতিউত্তরে তারা ভারতকে জানায়, লিবিয়া ভারতের কাছ থেকে পরমাণু প্রযুক্তি না পেলে সেটা তারা কানাডার কাছ থেকে নেবে। শেষ পর্যন্ত কিছুই হয়নি।’ গাদ্দাফি ১৯৭০ সালে চীন থেকে পরমাণু প্রযুক্তি পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।সত্তরের দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তানের তত্কালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো লিবিয়াকে পাকিস্তানের পরমাণু গবেষণায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু লিবিয়ার বিজ্ঞানীরা তাতে যোগ দিতে যাওয়ার সময় সামরিক অভ্যুত্থানে ভুট্টো ক্ষমতাচ্যুত হন ও বিচারে তাঁর ফাঁসি হয়ে যায়।লিবিয়া ১৯৬৮ সালে পরমাণু বিস্তার-নিয়ন্ত্রণ (এনপিটি) চুক্তিতে স্বাক্ষর করেছিল। এর সাত বছর পর দেশটি এ চুক্তিটি অনুমোদন করে।