ভারতের কারণে জেআরসির বৈঠক স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কারণে শেষ মুহূর্তে স্থগিত হয়ে গেল যৌথ নদী কমিশনের (জেআরসি) ৩৮তম বৈঠক। আগামী মঙ্গলবার (১৮ জুন) থেকে ঢাকায় জেআরসির মন্ত্রী পর্যায়ের দুদিনের বৈঠক শুরুর কথা ছিল।আজ রোববার দুপুরে প্রথম আলো ডটকমকে জেআরসির সদস্য সৈয়দ সাজ্জাদ হোসেন বৈঠক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আজ আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, তাদের পক্ষে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয়। ভারতের পানিসম্পদ মন্ত্রীর অভ্যন্তরীণ সফরসূচিসংক্রান্ত ব্যস্ততার কারণে তাঁর পক্ষে এ মুহূর্তে বাংলাদেশ সফর সম্ভব নয়।এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানিয়েছেন, ভারতের পানিসম্পদমন্ত্রী হরিশ রাওয়াত বৈঠকে অংশ নেওয়ার বিষয়ে অপারগতা জানিয়ে বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে চিঠি দিয়েছেন। তিনি জানান, জেআরসি বৈঠকের পরবর্তী দিনক্ষণ দুই পক্ষ আলোচনা করে ঠিক করবে।প্রসঙ্গত, জেআরসির পরিকল্পিত বৈঠকে অন্য বিষয়গুলোর পাশাপাশি তিস্তার অন্তর্বর্তীকালীন চুক্তি ও টিপাইমুখ বাঁধ নির্মাণ নিয়ে আলোচনার কথা ছিল। ভারতের শীর্ষ নেতৃত্বের আশ্বাসের পরও ২০১১ সালের সেপ্টেম্বরের পর ঝুলে আছে তিস্তা চুক্তির অগ্রগতি। কারণ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীটি নিয়ে চুক্তি সইয়ে আগ্রহী নন। তাঁর মত, উত্স থেকে নদীটির পানি কমছে। তাই পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে বাংলাদেশকে পানি দেওয়া সম্ভব নয়। এদিকে জেআরসির এবারকার বৈঠকে ভারতের প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গের সেচ ও জলপথমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে প্রতিনিধিদলের তালিকা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কারণ, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে ভোটারদের কাছে তিস্তা নিয়ে কোনো নেতিবাচক বার্তা দিতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়।