ছয় মাসে বিএসএফের হাতে কোনো বাংলাদেশি প্রাণ হারাননি
ভারতের কারণেই তিস্তা চুক্তি সইয়ে দেরি হচ্ছে: পঙ্কজ
চুয়াত্তরের সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল অনুসমর্থন ও তিস্তা চুক্তি সই ভারতের কারণেই দেরি হচ্ছে বলে স্বীকার করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন। তবে নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামলে নিয়ে এ বিষয়গুলো সুরাহায় ভারত আন্তরিক বলে দাবি করেন তিনি।পঙ্কজ সরন গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ঢাকায় ভারতের শীর্ষ এই কূটনীতিক জাতীয় প্রেসক্লাবের মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন। প্রশ্নোত্তর পর্বের শুরুতে দেওয়া বক্তৃতায় ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড কমে এসেছে। গত ছয় মাসে সীমান্তে বিএসএফের হাতে একজন বাংলাদেশিও প্রাণ হারাননি বলে দাবি করেন তিনি। কিন্তু এপ্রিলে একজন এবং মে মাসে তিনজন বাংলাদেশিকে বিএসএফ হত্যা করেছে—গণমাধ্যমের একজন কর্মীর এসব তথ্য উপস্থাপনের পর রাষ্ট্রদূত বিষয়টি যাচাই করে দেখার আশ্বাস দেন। পঙ্কজ সরন বলেন, সীমান্তে একটি মৃত্যুকেও যৌক্তিকতা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে সীমান্তে অপরাধ দমনে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতেও বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনাক হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বক্তৃতা করেন। চুয়াত্তরের সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল অনুসমর্থনের জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে। ভারতের রাজ্যসভার বাজেট অধিবেশনে এ নিয়ে একটি প্রস্তাব উত্থাপনের কথা ছিল। কিন্তু বিজেপিসহ অন্য বিরোধী দলগুলোর বিরোধিতায় সংবিধান সংশোধনীর প্রস্তাব উত্থাপনে ব্যর্থ হয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) সরকার।এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, সংবিধান সংশোধনের বিলটি পাসের জন্য পার্লামেন্টে সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার, যা ইউপিএর নেই। তবে বিজেপিসহ অন্য বিরোধী দলগুলোর সঙ্গে একটা সমঝোতায় পৌঁছানোর মধ্য দিয়ে পার্লামেন্টের আগামী অধিবেশনে তা উত্থাপন করা হবে। এক প্রশ্নের উত্তরে পঙ্কজ সরন বলেন, সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল অনুসমর্থনের জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাবটি লোকসভা ও রাজ্যসভা—ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষেই অনুমোদনের প্রয়োজন রয়েছে। আর ভারতীয় পার্লামেন্টের অনুসমর্থন ছাড়া ছিটমহল ও অপদখলীয় ভূমিবিনিময় এবং সীমানা চিহ্নিতকরণের ঐতিহাসিক চুক্তিটি বাস্তবায়িত হবে না।সীমান্ত চুক্তি বাস্তবায়নের প্রটোকল অনুসমর্থন ও তিস্তা চুক্তি না হওয়ায় বাংলাদেশের হতাশা প্রসঙ্গে বলতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কারণে ভারত অনেক বেশি লাভবান হচ্ছে বলে মনে করা হয়। কিন্তু দুই দেশের সম্পর্কটা এমন, যাতে দুই দেশই সুফল পাচ্ছে। পঙ্কজ সরন বলেন, তিস্তা চুক্তি সই না হলেও এ নদী থেকে বাংলাদেশের জন্য পানিপ্রবাহ এতটুকু কমেনি। অতীতে পানির প্রবাহ যা ছিল, এখনো তা-ই আছে। সম্প্রতি দুই দেশের বিশেষজ্ঞদের বৈঠকে প্রথমবারের মতো তিস্তার প্রবাহের ১২ বছরের উপাত্ত বিনিময় হয়েছে। আগামী সপ্তাহে ঢাকায় যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতের পানিসম্পদমন্ত্রী ঢাকায় আসবেন। ওই বৈঠকের বেশ কিছু বিষয়ের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তিও আলোচ্যসূচিতে আছে। বাংলাদেশের সহযোগিতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন সফল হওয়ায় এ খাতে বাজেটের সাশ্রয় হয়েছে কি না জানতে চাইলে পঙ্কজ সরন বলেন, ‘এটা ঠিক যে বিচ্ছিন্নতাবাদ দমনে বাজেটের সাশ্রয় হয়েছে। তবে বিষয়টিকে আর্থিক সাশ্রয়ের দৃষ্টিভঙ্গি থেকে না দেখে আগামী প্রজন্মের ভবিষ্যতের প্রেক্ষাপট থেকে দেখা উচিত। এটা ভুলে গেলে চলবে না যে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে না। কাজেই দুই দেশের স্বার্থেই বিচ্ছিন্নতাবাদ দমনে সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।’ আগামী সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পিত দিল্লি সফরের ব্যাপারে জানতে চাইলে পঙ্কজ সরন বলেন, তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। সফরের দিনক্ষণ চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে।খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে কি না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, তিনি (খালেদা জিয়া) গত বছর ভারত সফর করেছেন। তার আগে জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদও ভারত সফর করেছেন। এখন খালেদা জিয়া যদি সফরের ইচ্ছা জানান তাহলে ভারত তাঁকে স্বাগত জানাবে। আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করে ক্ষমতায় এলে দুই প্রতিবেশীর বর্তমান সুসম্পর্ক বজায় থাকবে কি না জানতে চাইলে পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের যেকোনো সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ ক্ষেত্রে বাংলাদেশের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে সিদ্ধান্ত নেবেন, তার প্রতি শ্রদ্ধা থাকবে ভারতের।