ভারতের কারাগার থেকে মুক্ত এক বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হরিয়ানা রাজ্যের কারাগারে দীর্ঘ আড়াই বছর কারাভোগের পর আজ বুধবার মুক্তি পেলেন এক বাংলাদেশি। তাঁর নাম আবু ইসহাক হাওলাদার (৬০), বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার চালতাবুনিয়া গ্রামে। ২০১০ সালের মে মাসে ভারতীয় ভিসা নিয়ে চিকিত্সা করাতে এসে পুলিশের রোষানলে পড়ে দিল্লিতে গ্রেপ্তার হন ইসহাক। তাঁকে দিল্লি ও হরিয়ানায় করা তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে দিল্লির তিহার ও হরিয়ানার আম্বালা কারাগারে আড়াই বছর সাজা খাটেন তিনি। জানা গেছে, আবু ইসহাক হাওলাদারের গ্রেপ্তারের ঘটনা জানার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁর মুক্তির জন্য আবেদন জানানো হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসহাকের নাগরিকত্ব যাচাই করে নিশ্চিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে বাংলাদেশে কোনো অপরাধমূলক কাজের খতিয়ান নেই বলে একটি প্রতিবেদন দেয়। অন্যদিকে পুলিশও ইসহাকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে ১১ নভেম্বর তাঁকে আম্বালা আদালত থেকে বেকসুর খালাস দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের কাছে ইসহাককে হস্তান্তর করা হয়। ইসহাক বর্তমানে কলকাতায় আছেন। দু-একদিনের মধ্যে তিনি দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।এদিকে ভিসা ও পাসপোর্ট নিয়ে ভারতে ঢুকে পুলিশের রোষানলে পরে ভারতের রাজধানী দিল্লি¬র তিহার জেলে দীর্ঘদিন ধরে বন্দী আছেন বাংলাদেশের বাগেরহাট জেলার মংলার এক ছাত্র বাদল ফরাজি (২২)। ২০০৮ সালের ১৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকেও মুক্ত করার জন্য উদ্যোগ নিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।