ভারতের কোচ হচ্ছেন না অ্যান্ডি ফ্লাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু দিন আগেই শোনা গিয়েছিল ইংল্যান্ডের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার নাকি এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার অন্যতম বড় প্রার্থী। তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তার বরাত দিয়ে আজ ভারতের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়ে দিয়েছে, আপাতত ফ্লাওয়ারের গ্যারি কারস্টেনের বদলি হিসেবে ভারতে আসার সম্ভাবনা নেই বললেই চলে।এর নেপথ্য কারণ হিসেবে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে ফ্লাওয়ারের ইংল্যান্ডের কোচের পদ ছাড়ার কোনোই কারণ নেই।ইংলিশ ক্রিকেট বোর্ডও নাকি ফ্লাওয়ারকে ধরে রাখতে মরিয়া। এই লক্ষ্যে তারা সাবেক জিম্বাবুইয়ান অধিনায়কের সঙ্গে নাকি ফলপ্রসূ আলোচনাও করে ফেলেছে। ফলাফল এখনো চূড়ান্ত না হলেও ফ্লাওয়ার নাকি আগামী অন্তত এক বছর ইংল্যান্ডে থাকারই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন কেবল ঘোষণাটাই বাকি।ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্মসূচিই ফ্লাওয়ারকে ইংলিশ দলের কোচের পদ ছাড়ার চিন্তা করতে বাধ্য করেছিল বলেই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। অ্যান্ডি ফ্লাওয়ার দীর্ঘদিন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন। জিম্বাবুয়ে ছেড়ে চলে আসার পর তিনি উস্টারশায়ারে বাড়ি কিনে থিতুও হয়েছেন। তবে ফ্লাওয়ার নাকি অভিযোগ করেছেন, গত পাঁচ মাস ধরে তিনি আক্ষরিক অর্থেই ভ্রমণের ওপর রয়েছেন। যা তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনকে ব্যাহত করছে। এদিকে আগামী মৌসুমে ভারতীয় ক্রিকেট বোর্ডও যে সূচি করেছে, তা ভয় পাইয়ে দিতে পারে ফ্লাওয়ারকে—এমনটাই অনুমান করছে টাইমস অব ইন্ডিয়া। পত্রিকাটি মন্তব্য করেছে, ১০ মাসের ক্রিকেট সূচির চেয়ে ফ্লাওয়ার হয়তো এই মুহূর্তে ইংল্যান্ড দলের দায়িত্ব নেওয়াটাকেই শ্রেয় মনে করছেন।তবে আপাতত ফ্লাওয়ার যে ভারত আসছেন না—এটা এক প্রকার নিশ্চিতই।