ভারতের ক্রিকেট ভেন্যুতে আল-কায়েদার হামলার পরিকল্পনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তাইয়েবা ভারতে বিশ্বকাপ ক্রিকেটের বিভিন্ন ভেন্যুতে হামলার পরিকল্পনা করছে। বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সতর্ক বার্তা ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ কথা জানানো হয়েছে। সতর্ক বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের ভেতর থেকে এ হামলা চালানো হবে।এ পরিপ্রেক্ষিতে ভারত সরকার গত ছয় দিন সব রাজ্যে কমপক্ষে চারটি সতর্ক বার্তা পাঠিয়েছে। যেসব রাজ্য বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজন করছে, তাদেরকে বিশেষ সতর্কতা পাঠানো হয়েছে। ওই সতর্কতায় রাজ্য সরকারকে এ ধরনের হামলা বন্ধ করতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। সতর্কতায় বলা হয়েছে, প্রায় ১৫ জনের মতো হামলাকারী এতে অংশ নিতে পারে। হামলাকারীরা স্থল ও সমুদ্র উভয় পথে ভারতে প্রবেশ করতে পারে। লস্কর-ই-তাইয়েবার নেতা জাবিউদ্দিন আনসারী ইতিমধ্যে ক্রিকেট ম্যাচ ভেন্যুতে পৌঁছে গেছেন বলে সতর্ক বার্তায় বলা হয়েছে। আনসারী ২০১০ সালের অক্টোবর মাসে ভারতের আটটি বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু ঘুরে গেছেন এবং হামলার সম্ভাব্য পরিকল্পনাও করেছেন। তিনি মুম্বাই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে ভারতের গোয়েন্দা সংস্থার সন্দেহের তালিকায় আছেন। ৭ মার্চ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব রাজ্যে পাঠানো সতর্কতায় বলা হয়েছে, সম্ভাব্য হামলার পরিকল্পনাকারীদের প্রথম দলটি ইতিমধ্যে ভারতে পৌঁছে গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে গুজরাট, কর্নাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গের পুলিশপ্রধানকে সতর্ক বার্তা পাঠিয়েছে। এ ছাড়া মুম্বাই, কলকাতা, চেন্নাই, আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, নাগপুর, চণ্ডীগড় ও দিল্লির পুলিশ কমিশনারকে সতর্কতা পাঠানো হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজনকারী রাজ্যগুলোতে বিশেষ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে।