ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাংসদ রেড্ডির পদত্যাগ
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাংসদ ওয়াই এস জগন মোহন রেড্ডি দল ও লোকসভা থেকে পদত্যাগ করেছেন। কংগ্রেস-প্রধান সোনিয়া গান্ধীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের কথা উল্লেখ করেন। জগন মোহন রেড্ডি আজ সোমবার ওই চিঠিটি তাঁর মালিকানাধীন সাক্ষী টেলিভিশনে জনসম্মুখে পাঠ করেন।পাঁচ পৃষ্ঠার চিঠিতে জগন মোহন রেড্ডি কংগ্রেস-নেতাদের বেশ সমালোচনা করেন। কংগ্রেস-নেতারা তাঁর পরিবারকে বিভক্ত করার চেষ্টা করছেন বলেও রেড্ডি অভিযোগ করেন। জগন-মোহন রেড্ডি বলেন, ‘১৪ মাস ধরে আমি দল থেকে অবজ্ঞা পেয়ে আসছি। আমি, আমার পরিবার এমনকি আমার মৃত বাবার বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচারণাও চালানো হয়েছে।’ জগমোহন রেড্ডি জানান, তাঁর মা বিজয়াম্মা পুলিভেনডুলা দল ও বিধানসভা থেকে পদত্যাগ করবেন। বিবিসি জানায়, গত বছরের সেপ্টেম্বরে জগন মোহন রেড্ডির বাবা সাবেক মুখ্যমন্ত্রী ওয়াই এস আর রেড্ডি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুর পর থেকে কংগ্রেসের সঙ্গে রেড্ডি পরিবারের দ্বন্দ্বের সূত্রপাত। কারণ, সমর্থকেরা ছেলে জগমোহন রেড্ডিকে মুখ্যমন্ত্রী করতে প্রচার-প্রচারণা চালালেও সরকার কিরণ কুমার রেড্ডিকে মুখ্যমন্ত্রী করে। এরই সূত্র ধরে সাক্ষী টেলিভিশনে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বেশ সমালোচনা করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জগন মোহন রেড্ডি ‘ওয়াই এস আর কংগ্রেস’ নামে নতুন দল গঠন করতে যাচ্ছেন। —বিবিসি