ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ৯ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড়ের গাড়িয়াবান্দা জেলার জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণে নয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাও রয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ কর্মকর্তারা আজ মঙ্গলবার জানিয়েছেন। কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গাড়িয়াবান্দা জেলার আমামোরা ও সোনাবেদ জঙ্গলে মাওবাদীদের তত্পরতার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পুলিশের অতিরিক্ত পরিদর্শক রাজেশ পাওয়ারের নেতৃত্বে ১০ সদস্যের একটি পুলিশ দলকে সেখানে পাঠানো হয়েছিল। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই পুলিশ দলটি কাল সোমবার সন্ধ্যায় সেখান থেকে ফিরছিল। এ সময় মাওবাদীরা তাদের বহনকারী ট্রাক্টর লক্ষ্য করে ভূমি মাইন বিস্ফোরণ ঘটায়। এতে ট্রাক্টরটি উড়ে যায় এবং নয় পুলিশ সদস্য নিহত হন। অপর একজন এখনো নিখোঁজ রয়েছেন। ঘটনার পর ছত্তিশগড় পুলিশ ওই এলাকায় ছুটে যায়।