ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ২৬ জন পুলিশ নিহত
ভারতের ছত্তিশগড় রাজ্যে গতকাল মঙ্গলবার মাওবাদী বিদ্রোহীদের হামলায় অন্তত ২৬ জন পুলিশ নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে বিবিসি আজ বুধবার এ তথ্য জানায়। নিহত সবাই আধাসামরিক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্য। হামলায় সিআরপিএফের দুজন সদস্য আহত হন। পুলিশ হতাহতদের খুঁজে বের করার চেষ্টা করছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিআরপিএফের সদস্যরা একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠান থেকে ফেরার পথে এ হামলার শিকার হন।ছত্তিশগড়ের মাওবাদীবিরোধী অভিযানের প্রধান রাম নিওয়াজ বলেন, রাজ্যটির রাজধানী থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে ধোদাই নামক স্থানে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বিদ্রোহীরা ওই পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।পুলিশ জানায়, হামলা শুরু হওয়ার পর দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। পুলিশ আরও জানায়, আহতদের হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সেখানে মোতায়েন করা নিরাপত্তা বাহিনীর শক্তিও বাড়ানো হয়েছে। নকশাল নামে পরিচিত মাওবাদী বিদ্রোহীরা বলেন, কয়েক দশক ধরে সরকার কর্তৃক অবহেলিত গ্রামের গরিব মানুষের অধিকার রক্ষার জন্য তাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন।এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদী বিদ্রোহকে ভারতের সবচেয়ে বড় অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করেছেন।গত মে মাসের শেষ দিকে পশ্চিমবঙ্গে রেললাইনে মাওবাদী বিদ্রোহীদের অন্তর্ঘাতের ফলে এক ট্রেন দুর্ঘটনায় ১৪৫ জনেরও বেশি লোক নিহত হয়। একই মাসে ছত্তিশগড়ে মাওবাদীদের পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে একটি বাস ধ্বংস হয় এবং ৩০ জনেরও বেশি লোক প্রাণ হারায়; যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। মাওবাদীদের সমর্থকেরা বাসটির যাত্রীদের মধ্যে সশস্ত্র পুলিশের উপস্থিতি লক্ষ করে এবং অতি দ্রুত ওই হামলার প্রস্তুতি নেওয়া হয়। সাংবাদিকেরা বলেন, বাসের ওপর চালানো ওই হামলা প্রমাণ করে, বিদ্রোহীরা প্রত্যন্ত এলাকায়, যেমন—দক্ষিণ ছত্তিশগড়ের বনাঞ্চলে, কতটা শক্তিশালী হয়ে উঠেছে। সরকার বলে, এটা মাওবাদীদের বর্বরতারও একটি দৃষ্টান্ত।ওই হামলার পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বিদ্রোহীদের দমন করার জন্য তাঁকে আরও বেশি ক্ষমতা দেওয়ার জন্য অনুরোধ জানাবেন।গত অক্টোবরে সরকার এই বিদ্রোহীদের দমন করতে অপারেশন গ্রিনহান্ট নামে একটি অভিযান শুরু করে। এ অভিযানে ৫০ হাজার সেনাসদস্য কাজ করছেন, যাঁদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা ও ছত্তিশগড়ে মোতায়েন করা হয়েছে।