ভারতের জাতীয় পুরস্কার পেলেন বিদ্যা বালান
সেরা অভিনেত্রী হিসেবে ভারতের ৫৯তম জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী বিদ্যা বালান। ‘দ্য ডার্টি পিকচার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সম্মানজনক এ পুরস্কার পেলেন তিনি। ৭ মার্চ বুধবার ভারতের জাতীয় পুরস্কারের আনুষ্ঠানিক ঘোষণায় বিদ্যার পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়। টিওআই এক খবরে এ তথ্য জানিয়েছে।‘পা’, ‘ইশকিয়া’ ও ‘দ্য ডার্টি পিকচার’ ছবির সাফল্য বিদ্যা বালানকে বলিউডে অভিনেত্রীদের শীর্ষ কাতারে এনেছে। বেশকিছু পুরস্কারও জুটেছে তাঁর। কিন্তু অধরা ছিল ভারতের জাতীয় পুরস্কার। দ্য ডার্টি পিকচার ছবিতে সিল্ক চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বিদ্যা বালান।ভারতের এবারের জাতীয় পুরস্কারপ্রাপ্তদের তালিকায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ‘দেওল’ ছবির অভিনেতা গিরিশ কুলকার্নি। সেরা হিন্দি ছবি নির্বাচিত হয়েছে ‘আই অ্যাম’। সেরা কোরিওগ্রাফির পুরস্কার পেয়েছেন জিন্দেগি না মিলেগি দোবারা ছবির জন্য বস্কো-সিজার। শাহরুখ খান অভিনীত রা ডট ওয়ান ছবিটি পুরস্কার পেয়েছে স্পেশাল ইফেক্ট বিভাগে। দ্য ডার্টি পিকচার ও বাল গন্ধর্ব ছবির জন্য সেরা মেকআপের পুরস্কার পেয়েছেন বিজরাম গায়কোয়াড়। দ্য ডার্টি পিকচারের ঝুলিতে আরও একটি পুরস্কার এসেছে সেরা পোশাক ডিজাইনের জন্য। নীহারিকা খান পেয়েছেন এ পুরস্কার। সেরা শিশুতোষ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘চিলার পার্টি’।