ভারতের তিন জেলায় সক্রিয় জেএমবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের তিনটি জেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সক্রিয় রয়েছে। জেলা তিনটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদহ ও নদীয়া। বাংলাদেশের সীমান্তবর্তী এই জেলাগুলোয় জেএমবির ১০০ এহসার (সার্বক্ষণিক) সদস্য আছে। সেখানে ১০ হাজারের মতো সমর্থকও তৈরি করেছে সংগঠনটি। জেএমবি সেখানে সাতটি মাদ্রাসা গড়েছে।রিমান্ডে থাকা জেএমবির আমির মাওলানা সাইদুর রহমান জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সাইদুরকে বুধবার ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের বিশেষ শাখা (এসবি), সিআইডি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাইদুর রহমান জানিয়েছেন, সংগঠনের ভারতীয় অংশেরও আমির তিনি। তবে মুর্শিদাবাদের সাঈদ ওই তিন জেলার সমন্বয়ক। বাংলাদেশ থেকেই সেখানকার কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এই মুহূর্তে এই কাজে ভারতে আছেন জেএমবির শুরা সদস্য ও ঢাকা (উত্তর) বিভাগের প্রধান সোহেল মাহফুজ। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, সাইদুর রহমানের অনুপস্থিতিতে সোহেল মাহফুজ ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পাওয়ার কথা।জিজ্ঞাসাবাদে জেএমবির আমির বলেছেন, ভারতের মুর্শিদাবাদ, নদীয়া ও মালদহ জেলায় আহলে হাদিস সম্প্রদায়ের লোকজন বেশি। সেখানে জেএমবি সাতটি মাদ্রাসা করেছে। তাঁর দাবি, ভারতের এ তিন জেলায় জেএমবির সাংগঠনিক কাজ ভালো চলছে। সেখানে জেএমবির সামরিক কার্যক্রম নেই। সেখানকার প্রশাসনও খুব ঝামেলা করে না।তবে মালদহ-মুর্শিদাবাদ-নদীয়া হয়ে জেএমবির অস্ত্র-বিস্ফোরকও এ দেশে আসে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য রয়েছে। এতে সেখানে জেএমবির সদস্যরা সহায়তা করে বলে এর আগে গ্রেপ্তার হওয়া একাধিক জঙ্গি পুলিশের কাছে স্বীকার করেছে।জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দলের অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসান জানান, এর আগে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়া আবদুর রহিম ওরফে শাহাদাত ভারতে জেএমবির তৎপরতা সম্পর্কে একই রকম তথ্য দিয়েছেন। রহিম জেএমবির প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি পরে জেএমবি ভেঙে ‘ইসলাম ও মুসলিম’ নামে নতুন জঙ্গি সংগঠন করেন।জান্নাতুল হাসানের নেতৃত্বে পুলিশের বিশেষ দলটি গত বছরের জুনে ঢাকা ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে শাহাদাতসহ ইসলাম ও মুসলিমের শীর্ষনেতাদের গ্রেপ্তার করেন। এই কর্মকর্তার নেতৃত্বে সর্বশেষ জেএমবির শীর্ষ নেতা সাইদুরকেও গ্রেপ্তার করা হয়।এর আগে ২০০৬ সালে গ্রেপ্তারের পর জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানও তাঁর জবানবন্দিতে বলেছেন, ২০০২ সালে জনৈক বেলালকে দায়িত্বশীল করে ভারতের মালদহ জেলায় জেএমবির কার্যক্রম শুরু হয় এবং মালদহ জেলাকে জেএমবির ৬৫তম সাংগঠনিক জেলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, জঙ্গি নেতা সাইদুরের দেওয়া এসব তথ্য ইতিমধ্যে সরকারের উচ্চপর্যায়েও অবহিত করা হয়েছে।