ভারতের তেলাঙ্গানাকে নতুন রাজ্য করতে সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্রপ্রদেশের অন্তর্গত তেলাঙ্গানাকে নতুন রাজ্য হিসেবে ঘোষণা করতে দেশটির সরকারের কাছে সুপারিশ করেছে এ-সংক্রান্ত নিরীক্ষা কমিটি।ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বি এন শ্রীকৃষ্ণের নেতৃত্বাধীন কমিটি গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরামের কাছে এ বিষয়ে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আগামী ৬ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।অন্ধ্রপ্রদেশের অধীন তেলাঙ্গানাকে নতুন প্রদেশ করা নিয়ে এ বছর এর পক্ষে এবং বিপক্ষে ব্যাপক প্রতিবাদ ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার নতুন রাজ্য প্রতিষ্ঠার দাবি নিরীক্ষা করতে একটি কমিটি গঠন করে। ভারতের সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি বি এন শ্রীকৃষ্ণকে ওই কমিটির প্রধান করা হয়।কমিটি তাদের প্রতিবেদন জমা দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় সংসদ। এর আগে অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক তেলাঙ্গানা রাজ্য ঘোষণা-সংক্রান্ত ব্যাপারে রাজ্যসভায় একটি প্রস্তাবনা অনুমোদিত হতে হবে।স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরাম জানিয়েছেন, আগামী ৬ জানুয়ারি তিনি অন্ধ্রপ্রদেশের আটটি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এরপর প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশ করবেন। তিনি আরও বলেন, ‘এটাই গণতন্ত্রের একমাত্র পন্থা। যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করে, তাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি অবশ্যই শ্রদ্ধা দেখাতে হবে।’এদিকে এই প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে স্বরাষ্ট্রমন্ত্রী অন্ধ্রপ্রদেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।—বিবিসি।