ভারতের দেওয়া ১৬০০ কোটি টাকা ব্যয় হবে পদ্মা সেতুতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদ্মা সেতুর জন্য প্রথম কিস্তির পাঁচ কোটি মার্কিন ডলারের (প্রায় ৪০০ কোটি টাকা) চেক হস্তান্তর করেছেন। ভারত সরকার পদ্মা সেতু নির্মাণে মোট ২০ কোটি ডলার (এক হাজার ৬০০ কোটি টাকা) মঞ্জুর করেছে।গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এই চেক হস্তান্তর করেন। খবর বাসস ও ইউএনবির।এর আগে আর্টিকুলেটেড বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের মঞ্জুর করা ২০ কোটি ডলারের পুরোটাই বাংলাদেশ পদ্মা সেতু নির্মাণে ব্যয় করবে। তিনি বলেন, পদ্মা সেতুর জন্য এটি একটি ভালো লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক যোগাযোগ, বর্ডার হাট, ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানিসহ দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, তাঁর সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্তে কোনো হতাহতের ঘটনা দেখতে চায় না। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে এই সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে।শেখ হাসিনা সম্প্রতি জয়েন্ট কনসালটেটিভ কমিশনে সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এসব উদ্যোগ উভয় দেশের সম্পর্ক অধিকতর সুসংহত করার ক্ষেত্রে সহায়ক হবে।ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতি সম্মান জানাতে বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতায় যাঁরা সমর্থন দিয়েছেন, তাঁদের অবদানের স্বীকৃতি দিতে এটি হচ্ছে এক বিনয়ী আয়োজন।’ভারতের রাষ্ট্রপতির আসন্ন সফর সম্পর্কে শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে প্রণব মুখার্জিকে স্বাগত জানাতে বাংলাদেশ গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে।এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ এম ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, ভারতে বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন।‘কোনো ষড়যন্ত্রে কাজ হবে না’: চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বলেন, দেশের জনগণ স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে জেগে উঠেছে। দেশকে আরেকটি রণক্ষেত্রে পরিণত করার চক্রান্তে কোনো কাজ হবে না। শেখ হাসিনা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি দেশে আরেকটি যুদ্ধের এবং দেশকে ১৯৭১ সালের মতো রক্তক্ষয়ী রণাঙ্গনে পরিণত করার হুমকি দিয়েছে। তবে এতে কোনো কাজ হবে না। কারণ, দেশের জনগণ বিশেষ করে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধে জেগে উঠেছে।শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ আন্দোলন শিশুসহ সর্বস্তরের মানুষের মধ্যে দেশপ্রেমের উদ্দীপনার সৃষ্টি করেছে। এই আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনাসহ দেশের প্রতি প্রান্তের মানুষকেই অনুপ্রেরণা জুগিয়েছে।চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্য ও ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সহসভাপতি রাশেদ রউফ, সাবেক সভাপতি আবু সুফিয়ান, দাতা সদস্য আ জ ম নাসির উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।