ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ দুদিনের সফরে শনিবার ঢাকায় আসছেন। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় ভারতীয় হাই কমিশন এ তথ্য জানিয়েছে।বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) দ্বিতীয় বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন সালমান খুরশীদ। ২০১১ সালের সেপ্টেম্বরে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সই করা উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী জেসিসি গঠন করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে যৌথ পরামর্শক কমিশনের সভায় সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতি পর্যালোচনা এবং নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়ে থাকে।দুদিনের এ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।গত বছরের অক্টোবরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সালমান খুরশীদের এটি প্রথম ঢাকা সফর। এর আগে অবশ্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের ৯০তম বার্ষিকীর যৌথ উদযাপনে অংশ নিতে তিনি গত বছরের মে মাসে ভারতের আইন, বিচার ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে ঢাকায় এসেছিলেন।