ভারতের পররাষ্ট্রমন্ত্রী কৃষ্ণার পদত্যাগ
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা। তাঁর অব্যাহতিপত্র ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। মন্ত্রিসভায় রদবদলের মাত্র দুদিন আগে তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন। এস এম কৃষ্ণার এই সিদ্ধান্তের ফলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন কোনো মুখ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কে এই দায়িত্ব পাবেন, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।ভারত সরকার ও কংগ্রেস সূত্রে জানা গেছে, রাহুল গান্ধী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন। তবে রাহুল গান্ধীর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, মন্ত্রিসভায় যোগ দেবেন কি না, তা নিয়ে এখনো সন্দিহান রাহুল। এ ছাড়াও ভারতের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আম্বিকা সোনি, বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও টেলিকমমন্ত্রী কপিল সিবালের নাম। ভারতের মন্ত্রিসভায় রদবদলের সময় সেখানে কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে বলেও অনুমান করছে দেশটির গণমাধ্যম।ভারত সরকার ও কংগ্রেসের মধ্যে এমন গুজবও আছে যে মন্ত্রিসভার রদবদলের সময় সরিয়ে দেওয়া হতো কৃষ্ণাকে। তাই তিনি আগে থেকেই অব্যাহতির ঘোষণা দিয়েছেন।এর আগে ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এস এম কৃষ্ণা। পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেওয়ার পর আবারও প্রাদেশিক রাজনীতিতে সক্রিয় অবস্থায় দেখা যেতে পারে ৮০ বছর বয়সী এই রাজনীতিককে।— এনডিটিভি