ভারতের পাঁচ তারকা মানের বিশ্ববিদ্যালয়গুলো
প্রতিদিন ভোরে ঘুম থেকে জেগেই সামনের উঠানে পাঁচটি ময়ূরের নাচ দেখতে পান দুর্গা কাওয়ার। একচিলতে ফলবাগানের পরই ঝিকিমিকি লেক আর মালয়েশীয় অর্কিডের সারি। ব্যবস্থাপনার ১৯ বছরের এই শিক্ষার্থী এ সময় তাঁর প্রতিদিনের যোগব্যায়াম সেরে নেন। তারপর বেঙ্গালুরুর এই শিক্ষার্থী সকালের নাশতা সারতে যান বিশাল এক খাবার ঘরে। স্ফটিকের ঝাড়বাতি ঝোলানো ওই হলঘরের সাজসজ্জা হ্যারি পটারের সাড়াজাগানো ছবির সেই হলঘরের কথা মনে করিয়ে দেয়।এই হচ্ছে ভারতের রাজস্থানে অবস্থিত মোদি ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজির আবাসিক শিক্ষার্থীদের বিলাসবহুল জীবন; যা পাঁচ তারকা মানের হোটেলের আয়েশি জীবনের শামিল।বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে ছয়তলা বিলাসবহুল বিপণিকেন্দ্র, পাঁচতারা হোটেল, বিলাসবহুল স্নানঘর, নকশা করা লাউঞ্জ, শ্রেণীকক্ষে রয়েছে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যববহারের সুযোগ।শুধু এমআইটিএস নয়, এমন সুযোগ-সুবিধা নিয়ে ভারতে গড়ে উঠেছে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের জন্য অবকাঠামোগত সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়াই তাদের লক্ষ্য। শিক্ষাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইজিইর প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব গুপ্ত বলেন, ‘ভারতে ১৫ বছর আগেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো চোখে দেখা হতো না। এখন অভিভাবকেরা নতুন নতুন পছন্দের দিকে বেশ উদার। বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ক্যাম্পাস, এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি চাকরি পাওয়ার হার, বিলাসবহুল সুযোগ-সুবিধা আর ব্যাপক প্রচার—এসব আজ নতুন বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমাদের ধারণা পাল্টে দিয়েছে।’এসব বিশ্ববিদ্যালয় শুধু চাকচিক্য বা গ্ল্যামারের জন্য আলোচিত নয়। এক হিসেবে দেখা গেছে, গত বছর এমআইটিএস এবং ফাগওয়ারা লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের প্রায় শতভাগ শিক্ষার্থীর চাকরি হয়েছে। মাইক্রোসফট আইটির মানবসম্পদ বিভাগের পরিচালক রাজিব বর্মণ বলেন, ‘দেশজুড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছেন।’এসব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে গেলে পড়াশোনা ও থাকা-খাওয়া বাবদ বছরে দুই থেকে তিন লাখ রুপি খরচ করতে হবে। ভুবনেশ্বরে কেআইআইটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা মালিনি নায়ের বলেন, ‘অনেকের কাছে অর্থের অঙ্কটা অনেক বেশি মনে হতে পারে। আমি মনে করি, এখানে প্রতিটি পয়সাই উশুল হচ্ছে।’ এখানে বিলাসবহুল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হলো: