ভারতের পার্লামেন্ট ঘেরাওয়ের হুমকি ভি কে সিংয়ের
ভারতের চিনিশিল্প উন্মুক্ত করতে রঙ্গরাজন কমিটির প্রতিবেদন বাতিলের দাবিতে কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন সাবেক সেনাপ্রধান ভি কে সিং। যদি এ দাবি মানা না হয়, তবে আগামী মাসে পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তিনি। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’র।আজ শুক্রবার রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠনের (আরকেএমএস) আহ্বানে এক সংবাদ সম্মেলনে ভারতের সাবেক সেনাপ্রধান এ ঘোষণা দেন।ভি কে সিং বলেন, কমিটি যে রাজস্বের ফর্মুলা দিয়েছে, তা মোটেও ঠিক হয়নি। তিনি দাবি করেন, চিনিশিল্পের বর্তমান ব্যবস্থা, দাম নির্ধারণ ও আখখেত সংরক্ষণ করা কেন্দ্রের উচিত নয়।এ বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠিও দিয়েছেন ভি কে সিং ও ভি এম সিং। ওই চিঠিতে বলা হয়েছে, যদি ওই প্রতিবেদন বাতিল করা না হয়, তাহলে আখচাষিরা ডিসেম্বরের ৪ তারিখে পার্লামেন্ট ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করবেন। ভি কে সিং আরও বলেন, ‘আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী প্রতিবেদনটি আরেকবার খতিয়ে দেখবেন।’