ভারতের পুনেতে বোমায় বিদেশিসহ নয়জন নিহত
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে নগরে বোমা বিস্ফোরণে একজন বিদেশি নাগরিকসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৫ জন। গতকাল শনিবার সন্ধ্যায় একটি রুটির কারখানায় এ বোমার বিস্ফোরণ ঘটে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে। সব রাজ্যে সতর্কতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। খবর এএফপি, হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়ার।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, নগরের কোরেগাঁও পার্ক এলাকায় একটি ইহুদি সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রের কাছে জার্মান বেকারিতে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। কেউ বোমা হামলার দায় স্বীকার করেনি।ভারতের স্বরাষ্ট্রসচিব জি কে পিল্লাই সাংবাদিকদের বলেন, এটা সন্ত্রাসী হামলা। ওই কারখানা পরিচালিত একটি হোটেলের পরিচারক সেখানে ফেলে যাওয়া একটি প্যাকেট খুলতে গেলে প্যাকেটে থাকা বোমার বিস্ফোরণ ঘটে। তিনি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাঁর জাতীয়তা নিশ্চিত করা যায়নি। এতে বিদেশি এক নাগরিক আহতও হয়েছেন।পিল্লাই আরও জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ), সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) ও ফরেনসিক টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুনে পুলিশের যুগ্ম কমিশনার রাজেন্দ্র সোনওয়ানি জানান, বোমা বিস্ফোরণে নয়জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানাটির চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অনেকেই সেখানে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার তত্পরতা শুরু করে। তারা হতাহত লোকজনকে স্থানীয় সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। সোনওয়ানি আরও জানান, ঘটনাস্থলে প্রচুর রক্ত ও মানুষের শরীরের বিভিন্ন অংশ পড়ে থাকতে দেখা গেছে। কারখানাটি একেবারেই বিধ্বস্ত হয়ে গেছে। সরকারি একটি সূত্র জানায়, ইম্প্রোভাজইড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বোমা হামলা চালানো হয়েছে।মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী চাগন ভুজবল জানান, ‘আমরা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে সন্ত্রাসী হামলা হতে পারে বলে আভাস পেয়েছিলাম। কিন্তু কোথায় এবং কীভাবে এ হামলা হতে পারে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।’ মুখ্যমন্ত্রী অশোক চাভান নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে এক লাখ করে রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। কেন্দ্রীয় সরকারও নিহত ব্যক্তিদের পরিবারকে এক লাখ ও আহত ব্যক্তিদের ৫০ হাজার করে রুপি দেওয়ার কথা জানিয়েছে।উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারত ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনা শুরুর প্রাক্কালে এ ধরনের হামলার ঘটনা ঘটল।