ভারতের প্রতিরক্ষা ক্রয়: কণ্টকাকীর্ণ দীর্ঘ যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর তৃতীয় বৃহত্তম সশস্ত্র বাহিনী ভারতের। এই বাহিনীর পেছনে বার্ষিক বাজেটের একটি বড় অংশ ব্যয় করে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এই দেশ। ‘বাজেটের বড় অংশ’ বললে আসলে ঠিক বোঝানো যাবে না এই বাহিনীর পেছনে ভারতের অর্থ ব্যয়ের মাত্রাটা; বরং টাকার অঙ্কই বলে দেওয়া যাক। ভারতের প্রতিরক্ষা বাজেট দুই লাখ কোটি রুপি! এর মধ্যে ৭৯ হাজার কোটি রুপি ব্যয় হয় অস্ত্রশস্ত্র, গোলাবারুদ, ট্যাংক, সমরযান, যুদ্ধজাহাজ ও বিমান কেনা বাবদ। বাকি অর্থ রাখা হয় প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাবদ। সামরিক খাতে অর্থ ব্যয়ের দিক দিয়ে ভারতের চেয়ে পিছিয়ে আছে খোদ চীনও। প্রতিরক্ষা খাতে এই পরিমাণ অর্থ ব্যয়ের কারণে বিশ্বের অস্ত্র ব্যবসায়ী দেশগুলোর জন্য ভারত এক লোভনীয় স্থান। দেশের আয়তন, আন্তর্জাতিক হুমকি ও সন্ত্রাসবাদ মোকাবিলা—সবকিছু মিলিয়ে প্রতিরক্ষা খাতে ভারতের এই অর্থ ব্যয় মোটামুটি যৌক্তিক হলেও তা যে বড় ধরনের দুর্নীতিকে উত্সাহিত করেছে, সেটা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা, সমালোচনা ও বিতর্ক। বিশাল অঙ্কের এই অর্থ কতটা স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে ব্যয় করা হয়, তা নিয়ে রয়েছে নানামুখী অসন্তোষ।এই তো কিছুদিন আগেই ভারতের সেনাবাহিনীপ্রধান এক বোমা ফাটিয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী মনমোহন সিংকে লেখা এক চিঠিতে জানিয়ে দেন, প্রতিরক্ষাসংক্রান্ত কেনাকাটায় দীর্ঘসূত্রতা এত ভয়াবহ এবং ক্রয়ের সময় বিভিন্ন গোষ্ঠীর স্বার্থরক্ষার প্রবণতা এত প্রবল যে এ কারণে ভারতের প্রতিরক্ষা ক্ষমতাই হুমকির মুখে পড়েছে। তিনি প্রতিরক্ষা-ক্রয়ের দীর্ঘসূত্রতার বেশ কিছু উদাহরণও সেই চিঠির মাধ্যমে তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন, কোনো অস্ত্র বা সরঞ্জাম কেনার প্রয়োজন পড়লে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে সেই সরঞ্জাম হাতে পেতে পেতে এমনও হয় যে তার প্রয়োজনই ফুরিয়ে যায়। এ ছাড়া প্রতিরক্ষা-ক্রয়ে ব্যয় করা অর্থে পুরোনো ও নিম্নমানের সরঞ্জাম কেনারও বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেন তিনি।ভারতের বিখ্যাত সাময়িকী ‘ইন্ডিয়া টুডে’ বেশ কিছুদিন ধরেই ভারতের প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরছে তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে। সাময়িকীটি ভারতের সেনাপ্রধানের সেই চিঠির সূত্র ধরে অনুসন্ধান করেছে প্রতিরক্ষাসংক্রান্ত ক্রয়ের আমলাতান্ত্রিক জটিলতার বিভিন্ন দিক নিয়ে। সেখানে দেখা গেছে, একটি প্রতিরক্ষা সরঞ্জাম কিনতে সামরিক ও বেসামরিক আমলাতন্ত্রের নয় থেকে ১০টি স্তর পার হতে হয়। এসব স্তর পার হওয়া ভয়ংকর রকম সময়সাপেক্ষ। আড়াই থেকে ছয় বছর লেগে যায় স্তরগুলো পার হতে।‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে দেখা গেছে, একটি সাধারণ ব্যালেস্টিক হেলমেট কেনার জন্য প্রথমে ‘সার্ভিস কোয়ালিটিটিভ রিকোয়্যারমেন্টস’ বা চাহিদাপত্র দাখিল করেন নির্দিষ্ট একটি বাহিনীর (সেনা, নৌ কিংবা বিমানবাহিনী) একজন পরিচালক। সেই চাহিদাপত্র তৈরি করা হয় স্ব স্ব বাহিনীর প্রয়োজন অনুসারেই। এরপর চাহিদাপত্র যায় অস্ত্র ও সরঞ্জামবিষয়ক একজন মহাপরিচালকের কাছে; সেই মহাপরিচালক সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদাধারী কর্মকর্তা। তিনি আবার কাজ করেন সেনাবাহিনীর উপপ্রধানের অধীনে। এই মহাপরিচালক চাহিদাপত্র যাচাই-বাছাই করে দেখে তা পাঠান প্রতিরক্ষাসচিবের কাছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে, প্রতিরক্ষাসচিবের কাছে ফাইল যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ক্রয়ের ব্যাপারে অনেক দূর এগিয়ে যাওয়া গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এখান থেকেই মূলত দীর্ঘসূত্রতার শুরু। প্রতিরক্ষাসচিব ফাইল সই করে দিলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত বা বিশেষ সচিবের নেতৃত্বে গঠিত ক্রয় কমিটির কাছে তা যায়। সেই ক্রয় কমিটিতে থাকেন একজন অর্থ উপদেষ্টা, যিনি খরচের দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। থাকেন একজন ক্রয়সংক্রান্ত ব্যবস্থাপক। একইসঙ্গে থাকেন কারিগরি দিক বিচার-বিশ্লেষণের জন্য একজন ব্যবস্থাপক। এই কমিটি বিভিন্ন প্রতিষ্ঠানকে দরপত্রে ডাকেন। দরপত্রে একাধিক প্রতিষ্ঠানকে দেওয়া হয় তাদের উত্পাদিত সামগ্রী প্রদর্শনের সুযোগ। এই প্রদর্শন দেখ-ভালের দায়িত্বে থাকেন সেই অস্ত্র ও সরঞ্জাম কমিটি। তারা সবকিছু দেখে-শুনে একটি প্রতিবেদন পেশ করে প্রতিরক্ষাসচিবের কাছে।এবার কাজে নামে দর-কষাকষিসংক্রান্ত একটি কমিটি। এরা দরদাম করে সর্বনিম্ন দরদাতার কাছ থেকে সরঞ্জাম কেনার প্রস্তাব তৈরি করে মন্ত্রিসভা কমিটির কাছে পাঠায়। এই কমিটির নেতৃত্বে থাকেন প্রধানমন্ত্রী স্বয়ং। থাকেন প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রী। এই কমিটি অনুমোদন দিলেই সরবরাহকারী বা উত্পাদনকারীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়। আগেই বলা হয়েছে, পুরো এই প্রক্রিয়া কমপক্ষে আড়াই বছরের। বেশির ভাগ সময়ে এটা ছয়-সাত বছরে গিয়ে ঠেকে। একটি ব্যালেস্টিক হেলমেট কিনতে যদি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় তাহলে শত শত ট্যাংক, সমরযান কিংবা যুদ্ধজাহাজ ও বিমান কেনার প্রক্রিয়া আরও কত সময়সাপেক্ষ, তা সহজেই অনুমেয়!