ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রণব মুখার্জি। দেশটির ইতিহাসে তিনিই প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন। জয়ের জন্য তাঁর প্রয়োজন ছিল পাঁচ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট। এর বিপরীতে সাত লাখ ১৩ হাজার ৭৬৩ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের ‘ক্রাইসিস ম্যানেজার’ প্রণব মুখার্জি। তাঁর প্রতিপক্ষ পূর্ণ অ্যাজিটক (পি এ) সাংমার পক্ষে ভোটের মূল্যমান তিন লাখ ১৫ হাজার ৯৮৭।২৫ জুলাই বেলা ১১টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে রাইসিনা হিলসের রাষ্ট্রপতির ভবনে শুরু হচ্ছে প্রণবের নতুন জীবন।জয়লাভের পর গতকাল রাতে প্রণব মুখার্জি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন। এদিকে, প্রণব নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থী পি এ সাংমা। একই সঙ্গে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার বিষয়টিও তিনি নাকচ করেননি। নির্বাচন প্রক্রিয়াকে ‘নির্ভেজাল পক্ষপাতদুষ্ট’ আখ্যায়িত করে সাংমা অভিযোগ করেছেন, ইউপিএ-শাসিত নয় এমন রাজ্যগুলোর জনপ্রতিনিধিদের প্রলোভন, এমনকি ভয়ভীতি দেখিয়ে প্রণবের পক্ষে তাঁদের সমর্থন আদায় করা হয়েছে। এ কারণে প্রয়োজনে তিনি আদালতে যেতে পারেন বলে জানান। সংসদের উভয় কক্ষ এবং বিভিন্ন রাজ্য বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ইলেক্টোরাল কলেজে মোট ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৮৮২।লোকসভার মোট ৭৪৮ জন সদস্যের মধ্যে প্রণব ৫২৭ জনের এবং সাংমা পেয়েছেন ২০৬ জনের সমর্থন। ১৫ জনের ভোট বাতিল করা হয়েছে। একেকজন সদস্যের ভোটের মূল্যমান ৭০৮। পার্লামেন্টের উভয় কক্ষে মোট ভোটার ৭৭৬ জন। ইলেক্টোরাল কলেজে বিধায়ক চার হাজার ১২০ জন।১৯ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়ে মাত্র ৭২ শতাংশ। অর্থাৎ, প্রায় ১১ লাখের মধ্যে আট লাখের কাছাকাছি ভোট পড়েছে। সাবেক অর্থমন্ত্রী প্রণব মুখার্জির প্রাপ্ত ভোটের মূল্যমান পাঁচ লাখ ছাড়িয়ে যেতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে ১৩ নম্বর তোলকোটরা রোডে। তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর মেয়ে শর্মিষ্ঠা বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কাজে লাগিয়ে তাঁর বাবা ভারতের রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন গতি সঞ্চার করবেন। বিবিসি, পিটিআই ও এনডিটিভি।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দনবাসস জানিয়েছে, রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান অভিনন্দন বার্তা পাঠিয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তা পাঠিয়ে ও টেলিফোন করে প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন।অভিনন্দন বার্তায় জিল্লুর রহমান বলেন, ‘এই প্রথমবারের মতো একজন বাঙালি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি উৎফুল্ল।’ প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ গতকাল রাতে প্রথম আলোকে জানান, শেখ হাসিনা ফোন করে প্রণব মুখার্জিকে অভিনন্দন জানান। প্রণব মুখার্জিকে তিনি বলেন, তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পুরো বাঙালি জাতি গর্বিত।