ভারতের প্রধান বিচারপতি হলেন আলতামাস কবির
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন আলতামাস কবির। আজ শনিবার রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ মন্ত্রিসভার সদস্যরা, ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ও কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা অরুণ জেটলি, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি, মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ যাদব প্রমুখ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া গতকাল শুক্রবার অবসর নেওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন বাঙালি বিচারপতি আলতামাস কবির। আগামী বছরের জুলাই পর্যন্ত তিনি এই পদে থাকবেন। আলতামাস কবির ১৯৪৮ সালের ১৯ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। পড়াশোনাও করেছেন কলকাতায়। তিনি কলকাতা ও ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। পরে ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োজিত আছেন। ২০১৩ সালের ১৮ জুলাই তাঁর অবসর নেওয়ার কথা।