ভারতের প্রধানমন্ত্রী আজ আসছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আজ মঙ্গলবার দুই দিনের সফরে ঢাকায় আসছেন। ১৯৯৯ সালের পর ভারতের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।মনমোহনের এই সফরকালে ‘উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি’ সই হবে। এ ছাড়া হাসিনা-মনমোহন শীর্ষ বৈঠকে ১১টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সইয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও পানিসম্পদমন্ত্রী পবন কুমার বানশাল ছাড়াও সীমান্তবর্তী চার রাজ্যের মুখ্যমন্ত্রী মনমোহনের সফরসঙ্গী হিসেবে ঢাকায় আসছেন। তাঁরা হলেন: ত্রিপুরার মানিক সরকার, আসামের তরুণ গগৈ, মেঘালয়ের মুকুল সাংমা ও মিজোরামের পু লালথানওয়ালা। মনমোহন সিং ঢাকায় ১৩৭ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে একটি বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন মনমোহন সিং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় গার্ড অব অনার ও ভিভিআইপি লাউঞ্জে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে।বেলা একটায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর তিনি সোনারগাঁও হোটেলে পৌঁছাবেন।বিকেল চারটার পর প্রথমে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মনমোহন সিংয়ের সঙ্গে সোনারগাঁও হোটেলে সৌজন্য সাক্ষাৎ করবেন।ভারতের প্রধানমন্ত্রী বিকেল পাঁচটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিট একান্তে বৈঠক করবেন। এরপর দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে আনুষ্ঠানিক বৈঠক হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে সই হবে। রাত আটটায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে যোগ দেবেন মনমোহন সিং।সফরের দ্বিতীয় দিনে কাল বুধবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়া’ শীর্ষক বক্তব্য দেবেন মনমোহন সিং। অনুষ্ঠান শেষে তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে। এরপর প্রথমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, পরে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মনমোহন সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল পাঁচটা ২৫ মিনিটে দেশে ফেরার জন্য বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি।