ভারতের প্রবীণ নেতাদের দৃষ্টি তরুণদের দিকে
আসছে বছরের শুরুতে ভারতের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তাই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সাজ সাজ রবও পড়ে গেছে। বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করার পাশাপাশি নির্বাচনী কৌশল নির্ধারণেও মনোযোগ দিচ্ছে। তবে কৌশলে যত ভিন্নতাই থাকুক না কেন, ভোটারদের তরুণ অংশের প্রতি সজাগ দৃষ্টি থাকছে সবার। ভারতের প্রায় সব কটি রাজ্যে সন্ত্রাস ও দুর্নীতির প্রতিবাদে গণ-আন্দোলন চলছে। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড পপুলার ফ্রন্টের (ইউপিএ) সরকার গণ-আন্দোলনের মুখে প্রায় কোণঠাসা। তাই কংগ্রেসের নেতারা চাইছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ভোটের ব্যাংক অক্ষত রাখতে কংগ্রেস মনোযোগ দিচ্ছে শহুরে, খ্যাপা ও প্রভাবশালী তরুণ জনগোষ্ঠীর দিকে।গত কয়েক দিনে কংগ্রেসের জরুরি সভায় প্রধানমন্ত্রী মনমোহন সিং (৮০) ও সোনিয়া গান্ধী (৬৬) বারবার দুটি শব্দের মুখোমুখি হয়েছেন। একটি ‘হুজুগে জনতা’ আরেকটি ‘টুইটার’। হয়তো এ কারণে ওই সভায় নতুন প্রজন্ম ও সামাজিক যোগাযোগের মাধ্যম নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ১২০ কোটি মানুষের দুই তৃতীয়াংশের বয়স ৩৫ বছরের নিচে। শহরমুখী মানুষের ঢল ভারতের রাজনীতির হিসাব পাল্টে দিচ্ছে। ভোটের জন্য গ্রামের গরিবদের ওপর জনপ্রতিনিধিদের নির্ভরশীলতার দিনও ফুরাচ্ছে।নয় বছর দেশ শাসনের পর ক্ষমতাসীন কংগ্রেস এখন আগের চেয়ে অনেক বেশি নিঃসঙ্গ ও জনবিচ্ছিন্ন। এ অবস্থা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে ১০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো সভায় বসেছে কংগ্রেস। তৃতীয়বারের মতো ক্ষমতার স্বাদ পেতে মুখিয়ে আছে কংগ্রেস। এ জন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত সেরে ফেলতে চাইছে দলটি। সম্প্রতি দলটি বর্তমান সভাপতি সোনিয়া গান্ধীর ছেলে ও ৪২ বছর বয়সী আইনপ্রণেতা রাহুল গান্ধীকে সহসভাপতি নির্বাচিত করেছে। রাহুল এমন এক বংশে জন্মগ্রহণ করেছেন, যার ভূতপূর্ব সদস্যরা দেশটির স্বাধীনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীনতার পর বংশানুক্রমে দেশ শাসনে রাহুল চতুর্থ প্রজন্ম। তাঁর বাবা, দাদি ও প্রপিতামহ ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। এখন কংগ্রেস চাইছে সামনের নির্বাচনে দলের জয় হলে রাহুলই প্রধানমন্ত্রী হন।সম্প্রতি সোনিয়া গান্ধী তাঁর ভাষণে শহুরে বেকারদের জন্য নতুন কাজ সৃষ্টির ঘোষণা দিচ্ছেন এবং মধ্য শ্রেণীর মানুষদের জন্য কর্মসূচি নির্ধারণে মনোযোগ দিয়েছেন। এর আগে তিনি গ্রামের গরিব মানুষদের জন্য কর্মসূচি নির্ধারণের ওপরই সর্বোচ্চ জোর দিতেন।সোনিয়া দলের নেতাদের বলেন, ‘ভারতের বদলে যাওয়া নতুন প্রজন্মের দিকে দৃষ্টি দিতে হবে। এখনকার ভারতের অধিকাংশই তরুণ, এদের আকাঙ্ক্ষা ও চাহিদা ভিন্ন এবং এরা আগের প্রজন্মের চেয়ে বেশি শিক্ষিত।’তিনি বলেন, ‘আমরা ক্রমবর্ধমান শিক্ষিত ও মধ্য শ্রেণীর মানুষদের স্বপ্নকে ভেঙে দিয়ে তাঁদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন করে দিতে পারি না।’প্রলুব্ধ করে কাজ হবে নারাজনৈতিক বিশ্লেষক অমূল্য গাঙ্গুলী রয়টার্সকে বলেন, এটা ভালো যে তরুণ ও শহুরে মধ্য শ্রেণীর দিকে পার্টির নজর পড়েছে। তবে সাফল্যের জন্য অর্থনৈতিক সংস্কার এবং পুলিশ ও আমলাতন্ত্রের ভেতর থেকে দুর্নীতি দূর করা প্রয়োজন।অমূল্য বলেন, ‘আজকের ভারতে কাউকে লোভ দেখিয়ে লাভ নেই। সরকারের উচিত অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে নতুন কাজে সুযোগ সৃষ্টি করা।’তরুণ মন্ত্রী জিতিন প্রসাদ বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যম, হুজুগে জনতা, নতুন ধরনের সংগঠন, অভিবাসন ও কর্মসংস্থান, এবং ঘটনা যেভাবে ঘটছে, তাতে এসবকে আলাদা আলাদা করে দেখার সুযোগ নেই।’ ভারতজুড়ে ইস্যুভিত্তিক আন্দোলনের হার বাড়ছে। এসব আন্দোলনের মূল অংশগ্রহণকারী হলেন সামাজিক যোগাযোগের মাধ্যমের ওপর নির্ভরশীল প্রযুক্তি ভোক্তারা। রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ এতে খুবই কম।২০১১ সালে আন্না হাজারে ও অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিবিরোধী বিক্ষোভে নেমেছিলেন। কয়েক হাজার শহুরে মধ্যবিত্ত এতে যোগ দেন। কংগ্রেসের সেবা দল নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা বলেন, ‘পথে পথে যে বিক্ষোভ হচ্ছে, দল তা এড়াতে পারে না।’ তিনি বলেন, ‘আন্না হাজারে বা অরবিন্দ কেজরিওয়াল কী কারণে মধ্যবিত্ত শ্রেণীকে সংগঠিত করতে পারলেন, তা নিয়ে আমাদের চিন্তা করা দরকার।’