ভারতের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫-এ দাঁড়িয়েছে। বন্যায় প্রায় এক হাজার ৩০০ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আজ বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।গত সপ্তাহে ভারতের সমুদ্র তীরবর্তী এলাকায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ৭০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। অকালবৃষ্টির ফলে ধান ও তুলার ব্যাপক ক্ষতি হয়েছে। ওই কর্মকর্তা জানান, বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া সড়ক ও রেলব্যবস্থা পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী নালারী কিরণ কুমার রেড্ডি গত মঙ্গলবার দুর্গত এলাকা পরিদর্শন করেন। সেখানে এক ভাষণে তিনি দুর্গত মানুষজনের জন্য সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।