ভারতের বিদ্যুৎসচিব উমা শঙ্কর আসছেন কাল
বাংলাদেশ ও ভারতের বিদ্যুৎ খাতে সহযোগিতাবিষয়ক যৌথ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠক আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে কাল মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের বিদ্যুত্সচিব পি উমা শঙ্কর। ঢাকায় ভারতীয় এক কূটনীতিক আজ সোমবার প্রথম আলো ডটকমকে বলেন, দুই দেশের বিদ্যুত্সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ কেনার প্রক্রিয়ার অগ্রগতি, খুলনার রামপালের বিদ্যুেকন্দ্র নির্মাণের বিষয়ে পর্যালোচনা করা হবে। কূটনীতিক সূত্রে জানা গেছে, আগামী জুলাইয়ের চূড়ান্ত সময়সীমা কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুত্ সরবরাহের কাজ দ্রুত এগিয়ে চলেছে। বিশেষ করে, কুষ্টিয়ার ভেড়ামারায় সঞ্চালন লাইন তৈরির কাজ শেষপর্যায়ে রয়েছে। এ ছাড়া গ্রিড উপকেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে।ঢাকায় ভারতীয় হাইকমিশন আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন উমা শঙ্কর। এ সময় তিনি ভারতের বিদ্যুত্ খাতের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ সফরের সময় তিনি বিদ্যুত্ সহযোগিতাবিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বিদ্যুত্সচিব।এদিকে, দুই দেশের বিদ্যুত্সচিবদের ওই বৈঠকের আগে এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন করপোরেশনের যৌথ বিনিয়োগকৃত প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি’র প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। খুলনার রামপালে ১৩২০ মেগাওয়াট উত্পাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্রটি নির্মাণের কথা রয়েছে। জানা গেছে, বাংলাদেশ সফরের সময় ভারতের বিদ্যুত্সচিব উমা শঙ্কর বুধবার রামপাল ও ভেড়ামারা সফর করবেন।