ভারতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিএনপির নালিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে ভারত সব সময় বৈষম্যমূলক আচরণ করছে বলে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির সমর্থক বুদ্ধিজীবীরা। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিএনপির নেতা ও ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে ‘পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক’ শীর্ষক সংলাপে তাঁরা এ অভিযোগ করেন। বিএনপিপন্থী পেশাজীবীদের সংগঠন গ্রুপ ২০০৯ (জি-৯) এ সংলাপের আয়োজন করে। সংলাপে বিএনপির নেতা ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে পেশাজীবীরাও উপস্থিত ছিলেন। দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বক্তব্য দেন।বিএনপির নেতারা ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। অর্থনীতিবিদ আবু আহমেদ টিপাইমুখ বাঁধ, তিস্তা ও গঙ্গার পানিবণ্টন, সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা, বাণিজ্য-বৈষম্যসহ নানা বিষয় সম্পর্কে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের অবহিত করেন। মাহবুব উল্লাহ বলেন, বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতি অনেক আত্মকেন্দ্রিক। ভারতের কাছ থেকে স্বার্থ আদায়ে বাংলাদেশের পক্ষে কাজ করার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানান। মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, এগুলো দ্বিপক্ষীয় বিষয়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান হতে হবে। তিনি বলেন, মার্কিন সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে অভিনন্দন জানিয়েছে। সেখানে যৌথ ইশতেহারও ঘোষণা হয়েছে। এসব ক্ষেত্রে সুফল পেতে হলে অপেক্ষা করতে হবে। বিএনপির সহসভাপতি হাফিজউদ্দিন আহম্মেদ অভিযোগ করেন, সীমান্তে প্রায়ই ভারতের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশিরা নিহত হচ্ছেন। এ ধরনের ঘটনায় মার্কিন সরকারের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। তিনি অভিযোগ করেন, প্রতিদিন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সরকার বিরোধী দলকে সহ্য করতে পারছে না। হামলা-মামলা চলছে। জেমস এফ মরিয়ার্টি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়। বিগত তত্ত্বাবধায়ক সরকার একটি সুন্দর পরিবেশে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখেছিল। ২০০৮ সালের নির্বাচন অবাধ ও নিরপেক্ষ বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ এ ক্ষেত্রে তাঁর দলের অবস্থান দূতাবাসের কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। তিনি বলেন, ওই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। ওটা ছিল সাজানো নির্বাচন। সরকারদলীয় গুরুত্বপূর্ণ নেতারাও বলেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল রচিত হয়েছে। হান্নান শাহ বলেন, এত কিছুর পরও বিএনপি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার পক্ষে। এটা যুক্তরাষ্ট্রেরও চাওয়া। জনকল্যাণে বিএনপি তাই এ ফল মেনে নিয়েছে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী বলেন, বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়ের ভিন্নতা আছে।সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও নজরুল ইসলাম খান, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, মাহফুজউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সংলাপ পরিচালনা করেন গ্রুপ-২০০৯-এর সাইফুল ইসলাম।