ভারতের বেনারসে বোমা বিস্ফোরণে ১ জন নিহত, আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশের পবিত্র শহর বেনারসের গঙ্গা আরতি ঘাটে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বোমা বিস্ফোরণে এক কন্যাশিশু নিহত এবং কমপক্ষে ৩৫ ব্যক্তি আহত হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইন আজ বুধবার এ তথ্য জানিয়েছে।পুলিশ জানিয়েছে, বেনারসের গঙ্গা নদীর তীরে বিখ্যাত দশাশ্ব্বমেধ ঘাটে এ ঘটনা ঘটে। আহতদের অধিকাংশই হিন্দু পুণ্যার্থী। তাঁরা বৈকালিক প্রার্থনার জন্য ওই ঘাটে জড়ো হয়েছিলেন। পুলিশ আরও জানিয়েছে, বিস্ফোরকদ্রব্য একটি দুধের কৌটায় লুকানো ছিল।পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের ধরন দেখে তাদের কাছে মনে হয়েছে, এটি একটি সন্ত্রাসী হামলা। ঘটনার পর নিরাপত্তা বাহিনীকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এ ছাড়া কর্তৃপক্ষ বেনারসের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক তল্লাশির নির্দেশ দিয়েছে। ঘটনার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘সন্ত্রাস নির্মূলের পদক্ষেপকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই এ হামলা চালানো হয়েছে। কিন্তু সন্ত্রাসীরা এ ক্ষেত্রে সফল হবে না।’ বিবিসি ও দ্য টাইমস অব ইন্ডিয়া।