ভারতের ব্যাংকের সঙ্গে চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এ ধরনের চুক্তিকে অমর্যাদাকর উল্লেখ করে বিএনপি বলেছে, এতে তারা অসম্মান বোধ করছে।রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এতে বলা হয়, এই চুক্তি হলে বাংলাদেশ লাভবান হবে না। অন্য একটি দেশের লাভের জন্য এ দেশের মানুষকে দীর্ঘ মেয়াদে দাসত্ব বরণ করতে হবে।ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির উপস্থিতিতে আজ শনিবার ঢাকায় ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলার বা প্রায় সাত হাজার কোটি টাকার একটি চুক্তি করতে যাচ্ছে সরকার। গতকাল সংবাদ সম্মেলনে বিএনপি এক্সিম ব্যাংককে ভারতের বেসরকারি ব্যাংক হিসেবে দাবি করে এই চুক্তির প্রতিবাদ জানায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এতে বলা হয়, এতদিন দেশের মানুষ জানত ভারত সরকার বাংলাদেশ সরকারকে ঋণ দিচ্ছে। অথচ এখন বলা হচ্ছে, ঋণ দেবে ওই দেশের একটি ব্যাংক। বিশ্বব্যাংক বা এডিবির মতো বহুজাতিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে সুদ পড়ত দশমিক ২৫ শতাংশ। এক্সিম ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়া হচ্ছে ১ দশমিক ৭৫ শতাংশ সুদে। এ ছাড়া সুদের বাইরে দশমিক পাঁচ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে। আন্তর্জাতিক ব্যাংক থেকে ঋণ নিলে এ ধরনের ফি দিতে হতো না।সংবাদ সম্মেলনে জানানো হয়, এ ঋণ শোধ করতে হবে ২৫ বছরে মধ্যে। না পারলে দুই শতাংশ হারে জরিমানা দিতে হবে। এ ছাড়া ঋণের টাকায় শতভাগ পণ্য, সরঞ্জাম, পরামর্শ ও সেবা ভারত থেকে কেনার শর্তসহ অনেক কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এতে ভারতের লাভ হবে চতুর্মুখী। তাই জাতীয় স্বার্থ ও সম্মান বিসর্জন দিয়ে এ ধরনের দাসত্ব চুক্তি করা থেকে সরকারকে বিরত থাকতে হবে। তবে প্রণব মুখার্জির সফরকে স্বাগত জানিয়েছে বিএনপি।লিখিত বক্তব্যে বলা হয়, ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে বর্তমান সরকারের অতি উৎসাহ দেশবাসীকে শঙ্কিত করে তুলেছে। ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো অগ্রহণযোগ্য। এগুলো পরিবর্তন এবং সম্পাদিত চুক্তি জাতীয় সংসদ ও জনসম্মুখে প্রকাশ করতে হবে।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এম কে আনোয়ার বলেন, বিএনপি এ ধরনের চুক্তির বিরুদ্ধে বলেছে। আন্দোলনও করেছে। বিএনপি ক্ষমতায় গেলে চুক্তির বৈষম্য খুঁজে বের করবে।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ১০০ কোটি ডলারের চুক্তি হলেও আগামী ২৫ বছর ধরে সুদ, চুক্তি বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ বাবদ সরকারের প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হবে। এর পুরোটা থেকে লাভ পাবে ভারত।সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন।