ভারতের মন্ত্রিসভায় যৌন হয়রানিবিরোধী বিল অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি থেকে রক্ষার বিল-২০১০ অনুমোদন করেছে।আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া লোকসভার শীতকালীন অধিবেশনে দীর্ঘপ্রতীক্ষিত এ বিলটি উত্থাপন করা হবে বলে জানা গেছে। ১৯৯৭ সালের সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভিত্তি করে বিলটিতে যৌন হয়রানির কিছু সংজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যেকোনো ধরনের যৌন আবেদন, যৌন মন্তব্য, পর্নোগ্রাফি প্রদর্শন, অশ্লীল অঙ্গভঙ্গিও যৌন হয়রানি হিসেবে বিবেচিত হবে। বিলটিতে সব সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রের কথা উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রের কেবল কর্মজীবী নারীই নন—ক্লায়েন্ট, কাস্টমার, দিনমজুর ও অস্থায়ী চাকুরে, হাসপাতালের রোগী, ছাত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ের গবেষকদেরও এ বিলের আওতায় নেওয়া হয়েছে। বিলটি আইনে পরিণত হলে এসব নারী যৌন হয়রানি থেকে সুরক্ষা পাবেন। তবে গৃহকর্মীদের এ বিলের আওতায় নেওয়া হয়নি।একজন কর্মকর্তা বলেন, এই বিলটির ফলে নারীরা লিঙ্গসমতা এবং কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে সমঅধিকারের বিষয়ে সচেতন হবেন। এ ছাড়া কর্মক্ষেত্রে নারীরা নিজেদের নিরাপদ ভাবলে সেখানে তাঁদের অংশগ্রহণ বাড়বে। প্রকারান্তরে তাঁরা অর্থনৈতিকভাবে ক্ষমতাপ্রাপ্ত হবেন।বিলটি পাসের পর নারীরা যেখানে ১০ কিংবা তার অধিক কর্মচারী কাজ করছেন, এ ধরনের প্রতিষ্ঠানের মালিককে অবশ্যই একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করতে হবে। কিন্তু ভারতের চার কোটি ১৮ লাখ ৩০ হাজার চাকরিদাতার মধ্যে চার কোটি ১২ লাখ মালিকের প্রতিষ্ঠানে ১০ সদস্যের কম নারী কর্মচারী রয়েছেন। এ ছাড়া এসব মালিকের পক্ষে এ ধরনের কমিটি গঠন সম্ভব না-ও হতে পারে বলে মনে করছে বিশেষ মহল। বিলটিতে স্থানীয়ভাবে অভিযোগ কমিটি গঠনের কথাও বলা হয়েছে। এতে জেলা কিংবা উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ন্যস্ত হবেন। এসব স্থানীয় কমিটি যৌন হয়রানির অভিযোগ প্রমাণ শেষে জেলা কর্মকর্তা কিংবা প্রতিষ্ঠানের মালিককে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করবে। স্থানীয় কমিটিকে অবশ্যই ৯০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে হবে এবং সে আলোকে চাকরিদাতা কিংবা জেলা কর্মকর্তাকে ৬০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে।যেসব চাকরিদাতা বিলের শর্ত মানবেন না, তাঁদের ৫০ হাজার রুপি জরিমানা করা হবে। এমনকি সেই মালিকের প্রতিষ্ঠানের লাইসেন্স কিংবা রেজিস্ট্রেশনও বাতিল হতে পারে বলে জানা গেছে। —বাসস।