ভারতের মন্দা শেষ প্রান্তে
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, দেশটি কয়েক বছর ধরে যে অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছিল, তা কেটে গেছে। এখন নতুন সংস্কার কর্মসূচি গ্রহণ করা হবে। গতকাল শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের এক অনুষ্ঠানে মনমোহন বলেন, ‘২০০৬ সালে ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছিল এবং তখন আমাদের মধ্যে সে রকম একটি আশাবাদও ছিল। কিন্তু এরপর ভারতের রপ্তানির পরিমাণ কমে যায় এবং অর্থনৈতিক ঘাটতি বেড়ে যায়।’ তিনি বলেন, ‘গত বছর প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে নেমে আসে এবং এ বছর তা ৬ শতাংশের কাছাকাছি থাকবে। এসব কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে গেছে।’ডন অনলাইনের খবরে আজ রোববার বলা হয়, দ্য ইকোনমিক টাইমস আয়োজিত অনুষ্ঠানে মনমোহন আরও বলেন, ‘কারও কারও ধারণা, ভারতের প্রবৃদ্ধি হয়তো একটি গাঁজাখুরি গল্প।’প্রধানমন্ত্রী বলেন, গত সেপ্টেম্বরে বেশ কিছু সংস্কার কার্যক্রম ঘোষণা করা হয়েছে এবং আশা করা হচ্ছে, এর ফলে অর্থনীতির চেহারা ফিরবে এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে। আরও নতুন কিছু সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।ভাষণে মনমোহন দৃঢ় কণ্ঠে বলেন, কিছুদিন আগে সরকার যখন সংস্কার কাজে হাত দিয়েছিল, তখন ভীষণ বিরূপ পরিস্থিতির শিকার হয়েছে। সরকার ওয়ালমার্ট এবং টেসকোর মতো চেইন শপগুলোকে ভারতের খুচরা বাজারে প্রবেশের অনুমোদন দিলে তা বিরোধী দলগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে। মনমোহন বলেন, ‘আমাদের নিন্দুকদের অনেকের কাছে মনে হয়েছিল, এগুলো বুঝি অসম্ভব। আমরা পরিস্থিতির মোকাবিলা করেছি এবং যা ভালো মনে হয়েছে করেছি। তবে এটা নিশ্চিত, আরও কিছু করার আছে।’এ সংস্কারের জন্য কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকারকে চরম মূল্য দিতে হয়েছে। জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস তাদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে। ফলে এ মাসের শেষে শুরু হতে যাওয়া সংসদের নতুন অধিবেশনে মনমোহন সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।ইউপিএ জোট সরকার তাদের দ্বিতীয় মেয়াদে দুর্নীতির অভিযোগ, অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়াসহ নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।