ভারতের রাষ্ট্রপতি পদে প্রণবই ইউপিএর প্রার্থী
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) গতকাল শুক্রবার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নাম ঘোষণা করেছে। প্রণব নির্বাচিত হলে তিনিই হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।তবে আরেক বাঙালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তাঁর মনোনয়ন মেনে নিতে পারেননি। গতকালও তিনি প্রণবের প্রার্থিতা প্রত্যাখ্যান করে সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামকে প্রার্থী করার ঘোষণা দিয়েছেন। গতকাল কলকাতায় তিনি সাংবাদিকদের বলেন, ‘খেলা এখনো শেষ হয়নি। অপেক্ষা করুন এবং আগামী কয়েক দিনে কী ঘটে দেখুন।’ অবশ্য মমতার প্রত্যাখ্যানে মোটেই বিচলিত নন প্রণব। কংগ্রেস নেত্রীর ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সোনিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বোন মমতার সমর্থন পাবেন বলে আশা করছেন। গতকাল রাষ্ট্রপতি পদে প্রণবের নাম ঘোষণার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) জোট ও জোটের বাইরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাঁদের কাছে প্রণবকে সমর্থন দেওয়ার অনুরোধ করেছেন। ইতিমধ্যে মমতার সঙ্গে থাকা মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি (এসপি) প্রণবের প্রতি সমর্থন জানিয়েছে। এ ছাড়া উত্তর প্রদেশের বহুজন সমাজ পার্টি (বিএসপি) সমর্থন দিয়েছে। ফলে সরকারে থাকা মমতার তৃণমূল কংগ্রেস ছাড়া সবার সমর্থনের পাশাপাশি এসপি ও বিএসপির সমর্থন পেলেন প্রণব, যা তাঁকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যাবে। বামফ্রন্টও তাঁকে সমর্থন দেবে বলে জোর আলোচনা আছে। গতকাল নয়াদিল্লির ৭ রেসকোর্স সড়কে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাসভবনে ইউপিএ জোট নেতাদের বৈঠক হয়। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ছাড়া জোটের অন্য সব শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সোনিয়া রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রণবের নাম ঘোষণা করেন। সোনিয়া বলেন, ‘বৈঠকে উপস্থিত জোট নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়নের জন্য প্রণব মুখার্জির নাম চূড়ান্ত করেছেন। প্রণব পাঁচ দশক ধরে জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নের প্রতি বড় ধরনের সমর্থন রয়েছে।’ সবাই প্রণবকে সমর্থন করায় জোটে একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছেন মমতা। প্রণবকে সমর্থন না করার পেছনে তৃণমূল নেত্রী মমতার যুক্তি হচ্ছে, ‘আবদুল কালামই রাষ্ট্রপতি পদের জন্য পুরোপুরি যোগ্য। আমরা আগে যে ঘোষণা দিয়েছি, তা থেকে সরে যাওয়ার কোনো কারণ নেই। আবদুল কালাম জাতীয় ও আন্তর্জাতিকভাবে শ্রদ্ধেয় ব্যক্তি।’এনডিএ সিদ্ধান্ত নেয়নি: ভারতের প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএর নেতারা গতকাল বৈঠকে বসলেও রাষ্ট্রপতি পদে তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেননি। এনডিএর নেতারা রাষ্ট্রপতি পদপ্রার্থীর বিষয়ে গতকাল প্রায় ৯০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে বিজেপির নেতা এল কে আদভানি বলেন, তাঁরা ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের তাড়া নেই। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে যাঁদের নাম উঠেছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। কে কার নাম উত্থাপন করেছে, কোন উদ্দেশ্য নিয়ে এটা করেছে, তা আলোচনা করেছি।’ আদভানি জানান, তাঁরা এ বিষয়ে আবার বৈঠক করবেন এবং তাঁদের দলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন। হিন্দুস্তান টাইমস, পিটিআই অনলাইন, জিনিউজ।