ভারতের রাষ্ট্রপতি প্রণবের ২ কোটি রুপির ভ্রমণ
সুবর্ণ বিধান সভা ভারতের কর্ণাটক রাজ্যের বেলগাও জেলায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সফর উপলক্ষে রাজস্ব খাত থেকে প্রায় দুই কোটি রুপি ব্যয় করা হয়েছে। গত ১১ অক্টোবর সুবর্ণ বিধান সৌধের উদ্বোধন উপলক্ষে রাষ্ট্রপতি সেখানে গিয়েছিলেন।আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সেখানকার সার্কিট হাউসের পুনঃসংস্কারে ব্যয় করা হয় ১ কোটি ৬১ লাখ রুপি। কক্ষে আসবাবপত্রের সাজসজ্জায় ব্যয় করা হয় ৩৭ লাখ রুপি। অথচ প্রণব মুখার্জি ওই কক্ষে কাটিয়েছেন মাত্র এক ঘণ্টা। কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে একই এলাকায় সার্কিট হাউসের দুটি ভবন রয়েছে। এর মধ্যে গত বছর একটি ভবনের সংস্কারকাজ করা হয়। গত বছর ওয়ার্ল্ড কানাড়া মিট (বিশ্বে ছড়িয়ে থাকা কর্ণাটকবাসীদের এক পুনর্মিলন উত্সব) উপলক্ষে সার্কিট হাউসের পুরোনো ভবন ও আঙিনা সংস্কার করা হয়। এই সার্কিট হাউসের পুনঃসংস্কারে ২০১০-১১ সালে ৩২ লাখ ও ২০১১-১২ সালে ১৮ লাখ রুপি ব্যয় করা হয়।