ভারতের রুপি জাল করা দুই পাকিস্তানি ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়কড়ে নতুন ভারতীয় রুপির বান্ডিল। একটি-দুটি নয়, অনেক। ১০ লাখেরও বেশি। নতুন নোটগুলোর ছাপা, নিরাপত্তা সুতা, গোপনীয় চিহ্ন থেকে শুরু করে মুদ্রা নিরাপত্তার জন্য যা যা থাকে, সবই আছে। খালি চোখে দেখে বোঝার উপায় নেই, এসব জাল মুদ্রা। এই নতুন নোটগুলো ছাপা হয়েছে পাকিস্তানে, গন্তব্য ছিল নেপাল হয়ে ভারত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার সন্ধ্যায় ভারতীয় জাল মুদ্রা চক্রের সদস্য দুই পাকিস্তানি নাগরিক মো. দানিশ ও সাব্বির আলী এবং তাঁদের বাংলাদেশি সহযোগী ফাতেমা আক্তার ওরফে অপিকে গ্রেপ্তার করেছে। তাঁদের গতকাল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদকর্মীদের সামনে হাজির করা হয়। এর আগে হুন্ডি ব্যবসায় জড়িত অভিযোগে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের জানান, ‘দুই পাকিস্তানি স্বীকার করেছেন, পাকিস্তান থেকে মুদ্রার চালান আনা হয়েছে। এগুলো এখান থেকে নেপাল হয়ে ভারতে পাঠানোর কথা ছিল। এসব মুদ্রার একটি অংশ লস্কর-ই-তাইয়েবাসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের পেছনে ব্যয় হয় বলে আমাদের ধারণা।’কমিশনার আরও জানান, গত ২৮ ডিসেম্বর রুবিনা হোসাইন নামের আরেক পাকিস্তানিকে ভারতীয় মুদ্রাসহ গ্রেপ্তার করা হয়েছিল। রুবিনা এখন কারাগারে। সেও একই স্বীকারোক্তি দিয়েছিলেন। রুবিনার স্বীকারোক্তি অনুসারে পুলিশ এ চক্রের খোঁজ জানতে পারে বলে তিনি জানান।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, ভারতীয় জাল মুদ্রা পাচারকারীদের মধ্যে সাত-আটটি দল ঢাকায় সক্রিয় রয়েছে। এসব চক্রে ৫০ জনের মতো সদস্য রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এঁরা সবাই ঢাকা থেকে পাকিস্তানে বিমানযোগে নিয়মিত যাতায়াত করে মুদ্রা আনা-নেওয়ার কাজ করেন। এ চক্রের সাংকেতিক নাম ‘ফিক’ বা ফেক ইন্ডিয়ান কারেন্সি গ্রুপ। সোমবার গ্রেপ্তার হওয়া তিনজনের ব্যাপারে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, তাঁদের কাছে খবর ছিল, মৌচাক এলাকার মৌবন হোটেলে কয়েকজন জাল মুদ্রার কারবারি ক্রেতার জন্য অপেক্ষা করছেন। এ খবর পেয়ে সোমবার বিকেলে হোটেলে হানা দিয়ে মো. দানিশ, সাব্বির আলী ও অপিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৫০০ রুপির ২০টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিলে ১০ লাখ জাল মুদ্রা রয়েছে। তিনজনই মুদ্রা পাচারের ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছেন।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর তিনজনের পাসপোর্ট যাচাই করে দেখা গেছে, দানিশ এক বছরে ছয়বার এবং সাব্বির আলী আটবার বাংলাদেশে এসেছেন। অপি বাংলাদেশি পাসপোর্টে পাকিস্তান, নেপাল ও ইরান সফর করেন। অপি জানান, দানিশ তাঁর স্বামী, তিন বছর আগে তাঁদের বিয়ে হয়। অপির বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়।দানিশ প্রথম আলোকে জানান, তিন বছর ধরে তিনি এ ব্যবসা করে আসছেন। কারা এসব মুদ্রা সরবরাহ করে জানতে চাইলে তিনি চুপ থাকেন। সাব্বিরও একই কথা বলেন।গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, গত ২৮ ডিসেম্বর পাকিস্তান থেকে ভারতীয় মুদ্রা পাচারের সময় রুবিনা হোসাইন নামের এক পাকিস্তানিকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে রুবিনা স্বীকার করেন, পাকিস্তানে বিশেষ ব্যবস্থায় ভারতীয় মুদ্রা ছাপা হয়। ‘ভাইয়া’ বলে পরিচিত কয়েকজন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তারা ভিসা, বিমান, হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছুই করে দেয়। রুবিনা পুলিশের কাছে আরও জানান, প্রতি চালানে ৩০ কেজি ওজনের মুদ্রাভর্তি লাগেজ থাকে। এতে দুই কোটির বেশি মুদ্রা থাকে।গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, রুবিনা, হলিয়াত তালালসহ সাত-আটজন নারী মুদ্রা পাচারকারীর নাম তাঁরা পেয়েছেন। তাঁরা জাল মুদ্রা ঢাকায় নিয়ে আসেন। ঢাকা থেকে একটি গ্রুপের মাধ্যমে এ মুদ্রা ভারতে চলে যায়। আবার সরাসরি নেপাল হয়েও ভারতে যায়।গোয়েন্দা সূত্র জানায়, এর আগে পাকিস্তানি একটি চক্র ঢাকায় ভারতীয় মুদ্রা ছাপানোর চেষ্টা চালায়। রাজধানীর বনশ্রীতে এ জন্য একটি বাড়ি ভাড়া করে ছাপাখানা বসানোর চেষ্টা করা হয়। ২০০৮ সালে এ প্রস্তুতির সময় ওই ঘটনার হোতা সফররাজকে সন্ত্রাসীরা অপহরণ করে। এ নিয়ে তাঁর স্ত্রী খিলগাঁও থানায় অপহরণ মামলা করেন। ওই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। ওই মামলার করার কিছুদিন পর সফররাজ কলকাতায় পুলিশের হাতে ধরা পড়েন।ঢাকা মহানগর পুলিশের কমিশনার জানান, জাল মুদ্রার পাশাপাশি হুন্ডি ব্যবসাও সমানে চলছে। সিঙ্গাপুরের বদলে এখন দুবাই থেকে হুন্ডি ব্যবসা পরিচালিত হচ্ছে। গত ৩১ ডিসেম্বর কাতার এয়ারলাইনসের ফ্লাইট (কিউআর-৩৪৪) থেকে আসা ওসমান আলী নামের এক যাত্রীকে গ্রেপ্তারের পর তাঁরা এ ঘটনা জানতে পারেন। ওসমানের কাছ থেকে এক কোটি ৯২ লাখ ৩৯ হাজার ১৬০ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। ওসমানের টেলিফোন নম্বর পরীক্ষা করে দেখা যায়, এ ঘটনার সঙ্গে কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শামীম আহমেদ চৌধুরী জড়িত। পরে তাঁকেও গ্রেপ্তার করা হয়।কমলগঞ্জ প্রতিনিধি জানান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদ চৌধুরীর বড় ভাই শিল্পপতি হাজি মুজিবুর রহমান চৌধুরীর (হাজি মুজিব) বিরুদ্ধে ঢাকায় একাধিক মামলা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগ আছে। তবে চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রথম এ ধরনের অভিযোগ শোনা গেল। কমলগঞ্জ পৌর এলাকার কুশালপুর গ্রামের মরহুম আবদুল গফুর চৌধুরীর তিন ছেলের মধ্যে শামীম সবার ছোট। শামীমকে জিজ্ঞাসাবাদের পর সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।