ভারতের লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ (ভিডিও)
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শুক্রবার লোকসভায় দেশটির আগামী অর্থবছরের (২০১২-১৩) কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এবারের বাজেটে তিনি ভর্তুকি কমানো, বিনিয়োগ বাড়ানো এবং কর-ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মোর্চা সরকারের মাঝে সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবিলা করে দেশটির রাজস্ব ঘাটতি কমানো নিয়ে বেশ চাপে আছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। এ নিয়ে সপ্তমবারের মতো বাজেট ঘোষণা করতে গিয়ে প্রণব বলেন, গত অর্থবছরে ভারতের অর্থনীতি পুনরুদ্ধারের স্পষ্ট লক্ষণ দেখা গেছে। তিনি বলেন, ‘জটিল বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আশা করছি, আগামী ২০১২-১৩ অর্থবছরে ভারতের বার্ষিক প্রবৃদ্ধি ৭.৬ শতাংশে পৌঁছাবে। এর চেয়ে হয়তো .২৫ শতাংশ কম-বেশি হতে পারে।’ এদিকে, গত আট বছরের মধ্যে দেশটিতে প্রথমবারের মতো গত বুধবার ট্রেনের ভাড়া বাড়ানো হয়। এতে মোর্চা সরকারের অন্যতম শরিক দল বেশ অসন্তুষ্ট হয়েছে।
এতে রাজস্ব ঘাটতি কমানোর জন্য ডিজেলের মূল্য বৃদ্ধির মতো কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়বে সরকার। প্রণব বলেন, ভারতের বিশাল ভর্তুকির পরিমাণ আগামী বছর দুই শতাংশের নিচে নিয়ে আসা হবে।গত বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা শতকরা নয় শতাংশের কাছাকাছি ধরা হলেও ধীরগতিতে ৬.৯ শতাংশ অর্জিত হয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক অব্যাহতভাবে সুদের হার বাড়াতে বাধ্য হয়। গত ফেব্রুয়ারিতেই বার্ষিক মূল্যস্ফীতি ৬.৯৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।২০১৪ সালে ভারতে কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন সামনে রেখে উন্নয়নমূলক খাতে বেশি ব্যয় ধরে এবারের বাজেট পেশ হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, আজকের এই বাজেট প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য দেশটির ঝিমিয়ে পড়া গত অর্থবছরের শূন্যতা পূরণের শেষ সুযোগ।