ভারতের শিক্ষকেরা রাজনীতি করতে পারবেন না
ভারতের শিক্ষকেরা রাজনীতি করতে পারবেন না—এই মর্মে একটি রায় দিয়েছেন মুম্বাই হাইকোর্ট। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে নাগপুরের এক শিক্ষকের বহিষ্কারাদেশের বিরুদ্ধে করা আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দেন। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পি বি মজুমদার ও বিচারপতি পি বি ভার্লি গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত আবেদনের শুনানি করেন। আদালত ওই শিক্ষকের বহিষ্কারাদেশ স্থগিতের আবেদন নাকচ করে দেন। নাগপুরের নুতন আদর্শ জুনিয়র কলেজের শিক্ষক শারিকান্ত পান্ডে তাঁর সাময়িক বহিষ্কারাদেশ চ্যালেঞ্জ করে আবেদনটি করেন।পান্ডের আইনজীবী আদালতে বলেন, কেবল একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাঁর মক্কেলকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিজেপির স্থানীয় শাখার সভাপতি।এর জবাবে বিচারকেরা বলেন, ‘চাকরিতে থাকা অবস্থায় একজন সরকারি কর্মচারী বা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মীর রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রয়োজন নেই।’ বিচারকেরা বলেন, কোনো শিক্ষকের এ ধরনের সংশ্লিষ্টতা থাকলে তাঁর রাজনৈতিক আদর্শ শিক্ষাদানের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।’বিচারকেরা উল্লেখ করেন, শিক্ষকের কাজ নিরপেক্ষভাবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বিতরণ করা। বহিষ্কারাদেশ স্থগিত করার অর্থ হবে, পান্ডেকে শিক্ষকতার পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া। কিন্তু প্রকৃত অর্থে শিক্ষাকে রাজনীতির বাইরে রাখা উচিত।