ভারতের শীর্ষ মাওবাদী নেতা আজাদ নিহত
ভারতের মাওবাদী অধ্যুষিত রাজ্য অন্ধ্রপ্রদেশের শীর্ষ মাওবাদী নেতা চেরিপুরি রাজকুমার গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের সঙ্গে এক সংঘর্ষে নিহত হন। এ সংঘর্ষে নিহত হয়েছেন আরেক মাওবাদী নেতা চন্দ্রাননা।আজাদের বাড়ি অন্ধ্রের কৃষ্ণা জেলায়। আজাদের বিরুদ্ধে গোটা দেশে ৩২০টি মামলা রয়েছে। অন্ধ্র প্রদেশ সরকার আজাদকে ধরিয়ে দেওয়ার জন্য ১২ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল। আজাদ চার দশক ধরে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ জেলার ভানখিডির জঙ্গলে একদল মাওবাদী আস্তানা গেড়েছে এ খবর পাওয়ার পর অন্ধ্রের পুলিশ গতকাল রাত ১১টার দিকে ওই জঙ্গলে অবস্থান নেয়। এর পরই পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলিবর্ষণ শুরু করেন। উভয়পক্ষের গুলিবর্ষণের পর নিহত হন আজাদ এবং চন্দ্রাননা। রাত ১১টা থেকে দুইটা পর্যন্ত এ লড়াই চলে। পুলিশ তাঁদের কাছ থেকে একটি একে-৪৭ রাইফেল এবং নয়টি পিস্তলসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করে। আজাদ নিহত হওয়ার পর মাওবাদী প্রভাবিত ছত্রিশগড়, ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে কড়া সতর্কতা জারি করা হয়েছে।