ভারতের সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আজ শুক্রবার সে দেশের সংসদে ২০১০-১১ সালের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। নতুন বাজেটে দেশে দুই অঙ্কের প্রবৃদ্ধি ও বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে নিয়ে আসার আশা করছেন অর্থমন্ত্রী।টাইমস অব ইন্ডিয়া অনলাইন জানায়, বাজেটে সাত দশমিক দুই শতাংশের বেশি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খুব শিগগির এ লক্ষ্যমাত্রা ১০ শতাংশ ছাড়িয়ে যাবে বলে প্রণব মুখার্জি আশা করেন।প্রণব মুখার্জি তাঁর বাজেট বক্তব্যে বলেন, ‘ভারতের অর্থনীতি সাফল্যের সঙ্গে বিশ্ব অর্থনৈতিক মন্দাকে পার হয়ে এসেছে। সে ক্ষেত্রে মূল সমস্যা ছিল সার্বিক প্রবৃদ্ধি। আমরা চেষ্টা করেছি দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করতে।’ প্রণব মুখার্জি আরও বলেন, বর্তমান বাজেটে সামাজিক খাতগুলোকে সংস্কার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি অর্থনীতিতে সার্বিক প্রবৃদ্ধি অর্জন করার চেষ্টা করা হবে। ৭৪ বছর বয়সী ভারতের এই অর্থমন্ত্রী এর আগে চারবার কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন। ২০০৮ সালের ডিসেম্বরে বিশ্বমন্দার সময় প্রণোদনা প্যাকেজ হিসেবে ঘোষিত ৩৭ বিলিয়ন ডলার অর্থনীতিতে ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও তিনি চাপের মুখে আছেন। তবে ভারতের অর্থমন্ত্রী সে দেশের খাদ্যের মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। এই মূল্যস্ফীতির পরিমাণ এখন ১৭ দশমিক ৮৫ শতাংশ। তিনি বিষয়টি তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখও করেছেন।নতুন বাজেটে ব্যক্তিগত আয়করের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। এখন থেকে এক লাখ ৬০ হাজার রুপির ওপরে যাদের বার্ষিক আয় শুধু তাদেরই আয়কর দিতে হবে। তবে গাড়ির মতো বিলাসসামগ্রীর দাম বাড়বে বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ ৪৭ হাজার ৩৪৪ কোটি রুপি, যা গতবারের তুলনায় চার শতাংশ বেশি।