ভারতের সঙ্গে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইল পাকিস্তান
পাক-ভারত উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে পাকিস্তান। গত রোববার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এ সহযোগিতা চান। তবে গতকাল সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হওয়া পারমাণবিক নিরাপত্তাবিষয়ক বিশ্বনেতাদের শীর্ষ বৈঠক চলাকালে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা আলাদা কোনো বৈঠক করবেন না। সেদিনই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেন।ইউসুফ রাজা গিলানি বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা আমাকে বলেছেন, তিনি আসলে কী চান...পাকিস্তান ও ভারতের মধ্যে সুসম্পর্ক এবং অবশ্যই ভারত ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে প্রত্যেকেরই উচিত—যে যেমন পারে তেমন ভূমিকা রাখা। কেননা, এটি সবার জন্যই মঙ্গলজনক।’ কাশ্মীরসমস্যা সমাধানে প্রেসিডেন্ট ওবামা সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দিয়েছেন কি না, তা জানতে চাইলে গিলানি বলেন, এ বিষয়ে তাঁদের মধ্যে কোনো আলোচনা হয়নি।ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকে বসা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, তাঁর সফরসূচিতে এ মুহূর্তে এমন কোনো কর্মসূচি নেই।ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, ওবামার সঙ্গে বৈঠকে মনমোহন পাকিস্তানের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন। মুম্বাই হামলার সঙ্গে জড়িত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার কর্মকাণ্ড বন্ধে পাকিস্তান কঠোর কোনো পদক্ষেপ বা শাস্তির ব্যবস্থা না করায় ভারত তার অসন্তোষের কথা ওয়াশিংটনকে জানিয়েছে।